ভারতের গভীর ক্ষত বেরিয়ে পড়েছে

ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন, মনে করেন পন্টিং।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের মাঠে চার টেস্টের সিরিজ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়া এবং তাতে আড়াই দিনে হার। পরের তিন টেস্টে আবার পাওয়া যাবে না দলের সেরা ব্যাটসম্যানকে। এমন পরিস্থিতিতে ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে?

রিকি পন্টিংয়ের বিশ্বাস, না, সেই সম্ভাবনা নেই। অ্যাডিলেডে ভারতীয় দলের গভীর ক্ষত খুঁচিয়ে বের করে ফেলেছে অস্ট্রেলিয়া। এই ক্ষত সারিয়ে সিরিজে বাকি তিন টেস্টে বিরাট কোহলিহীন ভারতের ফেরার কোনো সম্ভাবনা প্রায় শূন্য। এই সিরিজে অস্ট্রেলিয়ার ৪-০ ব্যবধানে জয় দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

অথচ টেস্ট সিরিজ শুরুর আগে অন্য হিসাব কষেছিলেন পন্টিং। ২-১ ব্যবধানে জয় দেখেছিলেন অস্ট্রেলিয়ার। কিন্তু অ্যাডিলেডে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতের ঐতিহাসিক পতনের পর পন্টিং নিজেই নিজের হিসাব পাল্টালেন। ভারতের ৩৬ রানে গুটিয়ে যাওয়াকে মানসিকভাবে ভীষণ পিছিয়ে পড়া হিসেবে দেখছেন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল এ অধিনায়ক।

ভারতীয় দলে গভীর ক্ষত দেখছেন পন্টিং।
ছবি: এএফপি

অ্যাডিলেড টেস্টে ভারতের পতন ধারাভাষ্য-কক্ষ থেকে দেখেছেন পন্টিং। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘(ভারতের) গভীর ক্ষত বেরিয়ে পড়েছে। এখন তাই ৪-০ ব্যবধানে জয়ের ভালো সম্ভাবনা আছে। আশা করি মেলবোর্নেও (বক্সিং ডে টেস্ট) পক্ষে ফল আসবে। তেমন হলে ভারতের ঘুরে দাঁড়িয়ে একটি ম্যাচ জেতা ভীষণ কঠিন হবে।’

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। এ টেস্ট থেকে অধিনায়ক কোহলিকে পাচ্ছে না ভারত। প্রথম সন্তানের মুখ দেখতে স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকবেন তিনি। অ্যাডিলেড টেস্ট কোহলিকে নিয়েও অবশ্য সুবিধা করতে পারেনি সফরকারি দল। হাতে ৯ উইকেট ও ৬২ রানের লিড নিয়ে পরের দিন মাত্র ১৬ ওভারের মধ্যে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস (৩৬)। এতে জয়ের জন্য মাত্র ৯০ রানের লক্ষ্য উতরে যেতে কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।

মেলবোর্নে ভারতের নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। কোহলি না থাকায় অন্তত একটি পরিবর্তন তো করতেই হবে ভারতের দলে। পন্টিং মনে করেন, ভারতকে টপ অর্ডার নিয়ে ভাবতে হবে। বিশেষ করে ওপেনার পৃথ্বী শ কে ভারত মেলবোর্নে খেলাবে কি না, তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। প্রথম ইনিংসে ০ ও পরের ইনিংসে ৪ রান করে প্রায় একইভাবে ব্যাট ও প্যাডের ফাঁক গলে বোল্ড হন প্রতিভাবান এ ব্যাটসম্যান।

এ ছাড়া উইকেটরক্ষণে ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পন্তকে চান পন্টিং। তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকেও সুযোগ দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে বলেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে, ‘কোহলি নেই, এমন একটা হারের পর তাদের ঐক্যবদ্ধ করতে প্রায় কেউ-ই নেই। তাদের দলে কিছু পরিবর্তন আনতে হবে। মিডল অর্ডারে ঋষভ পন্তকে আনতে হবে। টপ অর্ডারে পৃথ্বী শ কে খেলানো নিয়েও তারা ভাববে বলে আমার বিশ্বাস।’