ভারতের চাওয়া 'ছয়ে ছয়'

একটা ব্যাপার অন্তত পরিষ্কার। এ ম্যাচের ফল বিশ্বকাপে আর কোনো প্রভাব ফেলবে না। ভারতের দৃষ্টিকোণ থেকে তো নয়ই। জিম্বাবুয়ের জন্যও না। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে জয় জিম্বাবুয়ের বিশ্বকাপ-ব্যর্থতার ক্ষতে কিছুটা হলেও সান্ত্বনার প্রলেপ দেবে। অকল্যান্ডের ইডেন পার্কে আজ জিম্বাবুয়ের চাওয়াও সেই সান্ত্বনার জয়।
গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে আগেই। ভারতের ভাবনায় এখন শুধুই কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচের আগে জিম্বাবুয়ের বিপক্ষে এ ম্যাচটা তাই এক হিসাবে ভারতের কাছে কোয়ার্টার ফাইনালের ‘প্রস্তুতি ম্যাচ’। তবে আগের পাঁচটি ম্যাচই জেতা মহেন্দ্র সিং ধোনির দল ‘ছয়ে ছয়’ করেই নকআউট পর্বে যেতে চায়। আর সে কারণেই আজ ভারতের একাদশ বদলানোর সম্ভাবনা কম। ধোনি আগেই বলেছিলেন, ‘এ ব্যাপারে আমরা ফিজিওর ওপর নির্ভর করব৷ ফিজিও যদি মনে করেন কোনো খেলোয়াড়ের সমস্যা আছে, পরিস্থিতি অনুযায়ী তাকে বিশ্রাম দেওয়া হবে৷ যদি সবাই পুরো ফিট থাকে, তাহলে সেরা একাদশই মাঠে নামাব৷ কারণ এই ম্যাচের আগে আমরা বেশ কয়েক দিন বিশ্রামও পেয়েছি।’ বোঝাই যাচ্ছে, আম্বাতি রাইডু, অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি আর ভুবনেশ্বর কুমারদের আরও একটা ম্যাচ বেঞ্চে বসেই কাটাতে হবে। অধিনায়কের মতোই ম্যাচটাকে হালকাভাবে নিচ্ছেন না বিশ্বকাপে ভারতের সেরা পেসার মোহাম্মদ শামিও, ‘অস্ট্রেলিয়ার মাঠ যেহেতু বড়, বোলার হিসেবে আপনার হাতে অনেক বিকল্প থাকে। আপনি অনেক বৈচিত্র্য আনতে পারেন। কিন্তু এ ধরনের ছোট মাঠে সতর্ক থাকতে হয়। ভুল করলে প্রতিপক্ষ সুযোগ নেবেই।’
জিম্বাবুয়ের জার্সি গায়ে এ ম্যাচটাই ব্রেন্ডন টেলরের শেষ ম্যাচ বলে মনে করা হচ্ছে। ইংলিশ কাউন্টি নটিংহ্যামশায়ারের হয়ে খেলার জন্য আপাতত তিন বছরের জন্য জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন টেলর। দল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখতে চান জিম্বাবুয়ের উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘যদি তিনটি বিভাগেই আমরা ভালো খেলতে পারি, তাদের হারাতে না পারার কোনো কারণ দেখি না। আমরা দেশের মাঠে আগেও তাদের হারিয়েছি। বিশ্বাস আছে যে আবারও পারব।’ এএফপি, ক্রিকইনফো।