ভারতের জয় কেড়ে নিলেন টেলর

জেমস টেলর—কাউন্টি ক্রিকেটে নিয়মিত পারফরমার। অথচ কী দুর্ভাগ্য, ২০১১ সালের আগস্টে ওয়ানডে অভিষেক হলেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। খেলেছেন মাত্র নয়টি ওয়ানডে। অবশ্য দলে নিয়মিত না হওয়ার পেছনে কেভিন পিটারসেনকেও কিছুটা দায়ী করতে পারেন। পিটারসেন নাকি দুবার তখনকার কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে টেলরকে দলে না নেওয়ার কথা বলেছিলেন! কেন? উচ্চতা!
পিটারসেন কোচকে বলেছিলেন, ‘আমি জেমসের বিরোধী নই। তাঁর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, কাউন্টিতে অন্যতম কম উচ্চতার খেলোয়াড়।’ পিটারসেন স্রেফ উচ্চতার কারণে যাকে ‘বাতিল’ করে দিয়েছিলেন, সেই টেলর আজ পার্থে ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে চরম বিপর্যয় থেকে জেতালেন দলকে। ৩ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করল ইংলিশরা।
ভারতের দেওয়া ২০১ রানের লক্ষ্যটা খুব বড় না হলেও শুরুতেই খেই হারিয়ে ফেলল ইংল্যান্ড। ২০ ওভারে ৬৬ রানে হারিয়ে ফেলল ৫ উইকেট! ভারতের সম্ভাবনা তখন বেশ উজ্জ্বল। কিন্তু ভারতের আশা কেড়ে নিল টেলর ও জস বাটলারের ষষ্ঠ উইকেট জুটি। এ জুটিতে এল ১২৫ রান। মোহিত শর্মার বলে ফেরার আগে টেলররে সংগ্রহ ১২২ বলে ৮২। ইনিংসে ছয় নেই, চারের মার মাত্র চারটি। বিপর্যয়ে মাথা কতটা ঠান্ডা রাখতে হয়, টেলর বোঝালেন। তবে টেলরকে যোগ্য সঙ্গ দেওয়া বাটলারের কৃতিত্বও কম নয়। সামির শিকার হওয়ার আগে বাটলারের সংগ্রহ ৬৭। টেলর-বাটলার বীরত্বে ১৯ বল বাকি থাকতেই জয়ের দেখা পেয়ে যায় ইংল্যান্ড। ম্যাচসেরা টেলর।
এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা দারুণ এনে দেন দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। এরপর ২৩ রানেই ৩ উইকেটের পতন। তবে মূল বিপর্যয় শুরু ৩৫তম ওভার থেকে। ৩ উইকেটে ১৩৪ থেকে ৯ উইকেটে ১৬৫—মাত্র ৩১ রানে নেই ভারতের ৬ উইকেট। সামি-মোহিতের দশম উইকেটে ৩৫ রান যোগ না হলে ভারতের ২০০ রানও হতো না! ইংলিশদের পক্ষে স্টিভেন ফিন নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এ ছাড়া ওকস, ব্রড ও মঈন আলী পেয়েছেন দুটি করে উইকেট।
অবশ্য অল্প পুঁজি নিয়েই লড়াইটা ভালোই জমিয়ে তুলেছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু টেলর-বীরত্বে সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল! ১ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড।