ভারতের জাতীয় দলের কোচের দরকার নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জাতীয় দলে কোচের দরকার নেই! ছবি: রয়টার্স
ভারতীয় জাতীয় দলে কোচের দরকার নেই! ছবি: রয়টার্স

ভারতের মতো দলে কোচের কী দরকার? ভেবে পাচ্ছেন না ভেঙ্কট সুন্দরম। দিল্লি ও তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা এই সাবেক ক্রিকেটারের মতে, ‘অনিল কুম্বলের পদত্যাগের পর ভারতীয় ক্রিকেট দলে কোচের আদৌ প্রয়োজন আছে কি না, সেটি ভেবে দেখার সময় এসেছে।’

হায়দরাবাদ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকলসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুন্দরম ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, জাতীয় দলের ক্রিকেটারদের শেখানোর কিছু নেই। সেখানে এমন একজনকে লাগে, যিনি দলটাকে ঠিকমতো চালিয়ে নেবেন।
সুন্দরম বলেছেন, ‘ভারতের জাতীয় ক্রিকেট দলের জন্য আসলে কোচের দরকার নেই। একজন ক্রিকেটার বেড়ে ওঠে সুপ্রসিদ্ধ কোনো কোচের অধীনে। উদাহরণ হিসেবে বলা চলে টেন্ডুলকারের কোচ রমাকান্ত আচরেকরের কথা। এই খেলোয়াড়টি যখন ওপরের দিকে যেতে থাকে, তখন সে একে একে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ইত্যাদি দলের হয়ে খেলে, সেখানে নিজেদের গড়ে তোলার সুযোগ পায় তারা। এরপরে জাতীয় দল কিংবা সর্বোচ্চ পর্যায়ের কোনো দলের হয়ে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন পিচে খেলার অভিজ্ঞতা অর্জন করে। আমি তো মনে করি জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়ের সর্বোচ্চ পারফরম্যান্স বের করে নিয়ে আসতে খুব ভালো প্রেরণাদায়ী কাউকে দরকার।’
এ কাজটাই সবচেয়ে ভালো করছিলেন কুম্বলে। সুন্দরম তাই মনে করেন, ‘যদি ভারতের অধিনায়ক কুম্বলের মতো একজন ক্রিকেট ব্যক্তিত্বকেও যোগ্য মনে না করে, তাহলে আমি মনে করি, জাতীয় দলে কোচেরই দরকার নেই।’
নব্বইয়ের দশেক ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালনে অভিজ্ঞতা থেকে সুন্দরমের অভিমত, ‘জাতীয় দলে ম্যানেজারের পদটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি দলেই আলাদা করে বিশেষজ্ঞ বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং কোচ থাকে। এই তিন কোচই তো মূল কাজটা করে দেন। এই তিনজনকে ডিঙিয়ে একজন “সুপার কোচ” নিয়োগ দেওয়ার কারণ দেখি না।’
পৃথিবীর প্রতিটি দেশেরই জাতীয় দলে তাহলে একজন করে কোচ থাকেন কেন? সুন্দরমের মন্তব্যটা খুব রসালো, ‘হ্যাঁ, প্রতিটি দলেই কোচ থাকে। কিন্তু সেই দলগুলোর খেলোয়াড়েরা ভারতীয় ক্রিকেটারদের মতো মাতব্বর নন।’