ভারতের জ্বলুনি বাড়িয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তুতি ম্যাচ না খেলার মাশুল টেস্টে দিচ্ছে ভারত। ছবি: এএফপি
প্রস্তুতি ম্যাচ না খেলার মাশুল টেস্টে দিচ্ছে ভারত। ছবি: এএফপি

ইংল্যান্ড সফরটা ঠিক মনমতো যাচ্ছে না ভারতের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তবু মুখে হাসি ছিল , কিন্তু টেস্ট সিরিজ শুরু হতেই মুখগুলোতে ঘোর অন্ধকার। প্রথম টেস্টে তবু প্রতিরোধের ইঙ্গিত ছিল। দ্বিতীয় টেস্টে সেটাও ছিল না, ইংল্যান্ডের সামনে উড়ে গেছে ভারত। এর পর থেকেই সমালোচনার বর্শা ধেয়ে যাচ্ছে ভারতীয় দলের দিকে। এর মধ্যেই আবার ভারতকে খোঁচা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

এবারের ইংল্যান্ড সফরে ওয়ানডের পর প্রায় দুই সপ্তাহের বিরতি পেয়েছে ভারত। এর মধ্যে একটি চার দিনের অনুশীলন ম্যাচ ছিল। সেটিও অনুরোধ করে তিন দিনে নামিয়ে আনা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক ক্রিকেটাররা। ইংলিশ কন্ডিশনে পাঁচ টেস্ট সিরিজ খেলার জন্য এত কম প্রস্তুতি নেওয়ার রেকর্ড কেউ করেনি। এজবাস্টন টেস্টের আগেও কোহলিরা ৫ দিনের বিরতি পেয়েছিলেন। নটিংহাম টেস্টের পরও ৭ দিনের বিরতি পাবে ভারত। কিন্তু এ সময়েও কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত।

এত কম প্রস্তুতি নিয়ে ভারতের টেস্ট সিরিজ খেলা নিয়ে সমালোচনা চলছে। কয়েক দিন আগেই ইংল্যান্ডে সিরিজ ড্র করে এসেছে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ সে সাফল্যের কথাই টেনে এনেছেন। ভারত প্রস্তুতি ম্যাচকে কোনো গুরুত্বই দেয়নি, ইংল্যান্ডে সবাই আগে খেলেছে বলে ব্যাপারটা উড়িয়ে দিয়েছে। পাকিস্তান সেখানে টেস্টের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর মধ্যে একটি ম্যাচ জিতেছিল তারা, বাকি দুটি ড্র। সরফরাজ বলেছেন, ‘আমি দুবার ইংল্যান্ড সফর করেছি এবং পাকিস্তান দুবারই ভালো করেছে। আমার মতে এশিয়ার যে দলই ইংল্যান্ডে যায় তাদেরই কষ্ট হয়। ভারতও এর ব্যতিক্রম নয়, কারণ কন্ডিশন খুবই কঠিন।’

শুধু এবারই নয়। ২০১৬ সালে চার ম্যাচের টেস্ট সিরিজও ড্র করেছিল পাকিস্তান। সেবারও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে ভালো ফল পেয়েছিল ভারতের চিরপ্রতিদ্বন্দ্বীরা। সরফরাজও ভারতের ভুলটা আবারও মনে করিয়ে দিয়েছেন। বলেছেন ইংল্যান্ডে ভালো করতে হলে প্রস্তুতি ম্যাচ খেলতেই হবে, ‘পাকিস্তানের প্রস্তুতি ভালো ছিল। আমার প্রথম সফরের কথা (২০১৬) যদি বলি, আমরা সিরিজের ২৫ দিন আগেই ইংল্যান্ডে গিয়েছিলাম। ১০ দিনের ক্যাম্প করেছি এবং এর পর দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছি-যেটা আমাদের অনেক সাহায্য করেছে।’ সরফরাজদের উল্টো কাজটাই করেছে ভারত। টেস্টের আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা ছিল। তাও গরমের কারণে একদিন কমিয়ে এনেছে তারা।