ভারতের টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন যুবরাজ সিং। ছবি: রয়টার্স
এ বছর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন যুবরাজ সিং। ছবি: রয়টার্স

ভারতের সাবেক ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের দাবি, টিম ম্যানেজমেন্টের জন্য তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি। খেলতে পারতেন আরেকটি বিশ্বকাপ। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন দেশটির ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা যুবরাজ।

ক্যানসারের জন্য অনেক দিন ক্রিকেটের বাইরে ছিলেন যুবরাজ। ২০১৩ সালে কানপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলার পর দীর্ঘ চার বছর ক্রিকেট খেলেননি। ২০১৭ সালে জাতীয় দলে ফিরলেও টিকতে পারেননি বেশি দিন। ওই বছরই শেষ ম্যাচটা খেলে ফেলেন ভারতের হয়ে। এ বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের হয়ে ৪০ টেস্ট, ৩০৪ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা এ ক্রিকেটার।

সংবাদমাধ্যমের মতে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট ইয়ো ইয়ো ফিটনেস টেস্ট চালুর পর যুবরাজের জন্য জাতীয় দলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। টিম ম্যানেজমেন্ট নাকি বলে দিয়েছিল, ইয়ো ইয়ো টেস্টে পাশ করলে তবেই জাতীয় দলে খেলতে পারবেন যুবরাজ। ভারতীয় চ্যানেল ‘আজ তক’কে ৩৭ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যান বলেন, ‘২০১১ সালের পর আরেকটি বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ রয়েছে। টিম ম্যানেজমেন্ট কিংবা আশপাশের কারও কাছ থেকে তেমন কোনো সাহায্য পাইনি। সমর্থন পেলে হয়তো আরেকটি বিশ্বকাপে খেলতে পারতাম। তবে যতটুকুই খেলেছি, পুরোটা নিজের ওপর ভর করে; আমার কোনো গডফাদার ছিল না।’

২০১৭ সালে ফেরার সে সময়ও স্মরণ করেছেন যুবরাজ, ‘২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর যে আট-নয়টি ম্যাচ খেলেছিলাম সেখানে দুটিতে ম্যাচসেরা হওয়ার পর কখনো ভাবিনি দল থেকে বাদ পড়তে পারি। চোটে পড়ার পর আমাকে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতে বলা হয়েছিল। এরপর হঠাৎ করেই আমাকে ইয়ো ইয়ো টেস্ট দিতে হলো ৩৬ বছর বয়সে। এমনকি ইয়ো ইয়ো টেস্টে পাশ করার পরও বলা হয়েছে ঘরোয়া ক্রিকেট খেলতে। আসলে তারা ভেবেছিল, আমি ইয়ো ইয়ো টেস্টে পাশ করতে পারব না আর তাতে আমাকে বাদ দেওয়াটা সহজ হবে।’

এভাবে অবহেলার পাত্র হয়ে খেলা ছেড়ে দেওয়া নিয়ে যুবরাজের কোনো দুঃখ নেই। সঠিক সময়েই অবসর নিয়েছেন বলে মনে করেন, ‘সবকিছু ঠিকভাবে না চলায় ভেবেছিলাম অবসর নেওয়ার জন্য এটাই সঠিক সময়। তরুণেরা উঠে এসে দলকে আরও সামনে নিতে পারবে, এটা ভেবেই সরে দাঁড়িয়েছি।’