ভারতের টেস্ট হারে 'গাফিলতি' দেখছেন গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এজবাস্টন টেস্টে ভারতীয় দল সঠিক প্রস্তুতি নিয়ে খেলতে নামেনি—অভিমত সুনীল গাভাস্কারের। ছবি: এএফপি
এজবাস্টন টেস্টে ভারতীয় দল সঠিক প্রস্তুতি নিয়ে খেলতে নামেনি—অভিমত সুনীল গাভাস্কারের। ছবি: এএফপি
>সুনীল গাভাস্কার মনে করেন, এজবাস্টন টেস্টে সঠিক প্রস্তুতি নিয়ে খেলতে নামেনি ভারতীয় দল। পুরো ব্যাপারে একধরনের গাফিলতি দেখছেন এই ক্রিকেট কিংবদন্তি

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরে গেছে ভারত। সুবিধাজনক জায়গায় থেকে বিরাট কোহলিদের এমন হার মেনে নিতে পারছেন না সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তির মতে, এই হারের মূল কারণ ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে গাফিলতি।

সাবেক ভারতীয় অধিনায়ক মনে করেন, এজবাস্টন টেস্টের আগে ভারতীয় ক্রিকেট দল বলতে গেলে ঠিকভাবে অনুশীলনই করেনি, ‘ভারতীয় দল প্রস্তুতি নিতে যা করেছে, সেগুলোকে আমি মোটেও সঠিক প্রস্তুতি মনে করি না।’
ওয়ানডে সিরিজে হারের পর ভারতীয় ক্রিকেট দল পাঁচ দিন অলস সময় কাটিয়েছে বলেই মনে করেন তিনি, ‘টানা পাঁচটা দিন কীভাবে একটা দল বসে থাকে। মানছি, একটা সিরিজের পর দল বিশ্রাম নিতেই পারে। কিন্তু সেটি কোনোভাবেই টানা পাঁচ দিন হতে পারে না। তিন দিন অনুশীলনের পর এক দিন বিরতি নিতে পারে, কিন্তু পাঁচ দিন অনুশীলন ছাড়া থাকা চলে না।’

টেস্টের আগে একটি প্রথম শ্রেণির ম্যাচ না খেলে তার বদলে একটি অনুশীলন ম্যাচ খেলার তীব্র সমালোচনা করেছেন গাভাস্কার, ‘এ ধরনের সিরিজের আগে প্রথম শ্রেণির ম্যাচ খেলা দরকার ছিল। কিন্তু ভারতীয় দল সেটি না খেলে সব খেলোয়াড়কে ঘুরিয়ে–ফিরিয়ে দেখার জন্য একটু অনুশীলন ম্যাচ খেলেছে। টেস্ট ম্যাচের জন্য টেস্টের আবহ তৈরি করেই অনুশীলন করতে হবে। প্রস্তুতিমূলক ম্যাচ খেলে নয়। ভারতীয় দল আগেও এমনটা করেছে। এই তো দক্ষিণ আফ্রিকাতেই একটি প্রথম শ্রেণির ম্যাচ না খেলার খেসারত তারা দিয়েছে প্রথম দুই টেস্টে উড়ে গিয়ে।’

এক মাস আগে ইংল্যান্ডে গিয়ে ভারতীয় দলের কী লাভ হয়েছে—এমন প্রশ্নও তুলেছেন সাবেক ওপেনার, ‘ভারতীয় দল নিজেদের রীতিমতো প্রতারিত করেছে। এক মাস আগে ইংল্যান্ডে গিয়ে তারা ওয়ানডে খেলেছে। সাদা বলে খেলার সময় ব্যাট ঘোরানোর গতি আর লাল বলে ব্যাট ঘোরানোর গতি যে এক নয়, সেটা তো সবাই জানে। গত এক মাসে আসলে টেস্টের জন্য তাদের সঠিক প্রস্তুতিই হয়নি।’