ভারতের তৃতীয়-চতুর্থ দলও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে: পান্ডিয়া

শ্রীলঙ্কায় প্রথম দুই ওয়ানডেতে জিতেছে ভারতছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই যে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির অধীনে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল, এরপর থেকে বড় আন্তর্জাতিক শিরোপা জেতেনি ভারত। এর মধ্যে চারটি বিশ্বকাপ আর একটি চ্যাম্পিয়নস ট্রফি দেখেছে ক্রিকেট। অথচ সেগুলোতে নয়, ভারতের শিরোপার উল্লাস বলতে ছিল শুধু এশিয়া কাপেই—মহাদেশীয় শিরোপাটা ভারত জিতেছে ২০১৬ ও ২০১৮ সালে।

সেই ভারতেরই তৃতীয়-চতুর্থ দল নাকি বিশ্বের যেকোনো ট্রফি জেতার সামর্থ্য রাখে! এমনটাই বলছেন এ সময়ে ভারতের সবচেয়ে বড় তারকাদের একজন হার্দিক পান্ডিয়া। এই মুহূর্তের তর্কসাপেক্ষে ভারতের ‘বি’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে আছেন পান্ডিয়া।

শ্রীলঙ্কায় এই সিরিজের শুরু থেকেই ভারতের এই দলকে ভারতের ‘বি’ দল বলা যাবে কি না, এ নিয়ে বিতর্ক চলছে। এর মধ্যে পান্ডিয়া মন্তব্য করে বসলেন, ভারতের এতই প্রতিভার ছড়াছড়ি যে ভারতের আরও দুটি দল গড়া হলে তারাও যেকোনো শিরোপা জিতে নিতে পারবে!

হার্দিক পান্ডিয়া সিরিজে এখনো আলো ছড়াতে পারেননি।
ছবি: এএফপি

ভারতের ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে এ পর্যন্ত দুটি ওয়ানডে বিশ্বকাপ গেছে, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ গেছে, একটি চ্যাম্পিয়নস ট্রফি গেছে...কোথাও শিরোপামঞ্চে ছিল না ভারত। ওয়ানডে বিশ্বকাপে দুবারই বাদ পড়েছে সেমিফাইনালে, টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার সেমিফাইনালে আর একবার ফাইনালে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও ফাইনালে উঠে কোহলিরা হেরে গিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে।

সেই ভারতেরই তৃতীয়-চতুর্থ দল যেকোনো ট্রফি জেতার ক্ষমতা রাখে কি না, এ প্রশ্ন আসছে শ্রীলঙ্কায় ভারতের চলমান সিরিজের কারণে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে গড়া ভারতের টেস্ট দল এই মুহূর্তে আছে ইংল্যান্ডে, আগামী ৪ আগস্ট থেকে সেখানে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শিখর ধাওয়ানের নেতৃত্বে আরেকটি দল পাঠিয়েছে ভারত।

ধাওয়ানদের এই দল নিয়ে শ্রীলঙ্কার কিংবদন্তি অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছিলেন, এটি ভারতের ‘বি দল।’

ধোনির অধীনেই সর্বশেষ বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছিল ভারত - ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি।
ছবি: এএফপি

ভারতীয়রা এই মন্তব্যকে কখনো ভালোভাবে নেয়নি। ভারতের সাবেক ক্রিকেটাররা সুযোগ পেলেই রানাতুঙ্গাকে জবাব দিয়েই চলেছেন! ভারত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জেতার পর ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ বলেছিলেন, ‘ভারতের ক্রিকেটের শক্তিই এখন এমন যে আপনি যেকোনো দলই পাঠাতে পারেন, কিন্তু সেটাকে “বি” দল হিসেবে ধরা যাবে না।’

এত প্রতিভার পেছনে ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের অবদান জানিয়ে শেবাগ বলেছিলেন, ‘আমাদের এখন এত প্রতিভা যে আমরা একটা দলে সবাইকে কুলাতে পারছি না। এই দলটাও (কোহলি-রোহিতদের নিয়ে গড়া দলের মতো) সমান প্রতিভাবান।’

এত দিন সাবেকরা কথা বলেছেন, এবার যোগ দিলেন বর্তমানদের একজনও। কলম্বোতে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলছে ভারত ও শ্রীলঙ্কা, তার আগে পান্ডিয়া বলেছেন, ‘আমাদের কার কী ভূমিকা, সেটা একেবারে পরিষ্কার, মূল দলেও ব্যাপারটা একই। ভারতীয় দলে এখন যত প্রতিভার ছড়াছড়ি, আমার মনে হয় আমরা এ রকম আরও দুটি দল বানাতে পারব এবং তারাও বিশ্বের যেকোনো টুর্নামেন্ট জিততে পারবে।’

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ব্যাট-বল হাতে তেমন আলো ছড়াতে পারেননি পান্ডিয়া। সেটি নিয়েও কাল প্রশ্ন হয়েছে, উত্তরে ২৭ বছর বয়সী অলরাউন্ডার নজর ফেরালেন সামনে, ‘জীবনে আপনাকে সব সময় এগিয়ে যেতে হবে। ক্রিকেটার হিসেবে, মানুষ হিসেবে আপনাকে সামনের দিকেই এগোতে হবে। আমি মানুষ হিসেবে যেকোনো পরিস্থিতিতে শিখতে পছন্দ করি। আপনি ভুল করবেনই, ব্যর্থ হওয়াও স্বাভাবিক। কিন্তু আমি ব্যর্থতার উদ্‌যাপন করতে পছন্দ করি। খারাপ দিনগুলোকে সহজভাবে নিই, এগুলো খেলারই অংশ এবং এগুলো আপনাকে অনেক কিছু শেখাবে।’

সে ক্ষেত্রে ব্যাট হাতে অন্তত আরেকটি ব্যর্থতার দিন ‘উদ্‌যাপন’ করতে হচ্ছে পান্ডিয়াকে। এই প্রতিবেদন লেখার সময়ে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ভারত রান করেছে, ছয়ে নেমে পান্ডিয়া ১৭ বলে ৩ চারে ১৯ রান করে আউট হয়েছেন।