বলা হয় চিরপ্রতিদ্বন্দ্বী। অথচ ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজের বয়সও এখন প্রায় ৯ বছর। এরপর থেকে মহাদেশীয় বা বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া দুই দলের দেখা হয় না। এর মধ্যে ‘বিগ থ্রি’-এর টালমাটালের মধ্য দিয়ে গেছে বিশ্ব ক্রিকেট।
আনুষ্ঠানিকভাবে ‘বিগ থ্রি’ বা ‘তিন মোড়ল’ না থাকলেও ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিজেদের মধ্যে খেলে নিয়মিত। আইসিসির রাজস্বেও বড় একটা অবদান এই তিন দলের।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলার পর এখন পর্যন্ত ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ১৮টি। ইংল্যান্ডের বিপক্ষে এ সময়ে ভারতের দ্বিপক্ষীয় সিরিজের সংখ্যা ১৪টি।
রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তাঁকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে। রমিজ জানিয়েছিলেন, নিকট ভবিষ্যতে ভারতের বিপক্ষে সিরিজ খেলার সম্ভাবনা নেই পাকিস্তানের। ওদিকে সাবেক ক্রিকেটার অসিম কামালের চোখে, ভারত নিয়ে বেশি হাপিত্যেশ করতে গিয়েই সর্বনাশ ডেকে এনেছে পাকিস্তান।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হচ্ছে ভারত ও পাকিস্তানের। এ ম্যাচে জিততে পারলে পাকিস্তানি ক্রিকেটারদের অর্থপ্রাপ্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন রমিজ, ‘এক বড় বিনিয়োগকারী আমাকে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারাতে পারলে পিসিবির জন্য ব্ল্যাঙ্ক চেক (সই করা চেক, টাকার অঙ্ক নিজের মতো বসিয়ে নেওয়া যায়) তৈরি থাকবে।’
তবে সাবেক পাকিস্তানি ক্রিকেটার অসিম কামাল বলছেন, ভারতের সঙ্গে খেলতে না পারার এই ‘হাহাকার’ই ধ্বংস করে দিয়েছে পাকিস্তান ক্রিকেটকে। ‘অন্য দলগুলোর দিকেও পাকিস্তানের মনোযোগ দেওয়া উচিত’ বলে মনে করেন তিনি। ভালো দলগুলোর বিপক্ষে নিয়মিত সিরিজ খেলা হলে ভারত সিরিজ নিয়ে এতটা ভাবতে হবে না বলেও মত সাবেক এ বাঁহাতি ব্যাটসম্যানের।
এক্সপ্রেস নিউজকে পাকিস্তানের হয়ে ১২টি টেস্ট খেলা কামাল বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের দিকে বেশি নজর দিয়ে ফেলি আমরা। আমাদের ক্রিকেটের ধ্বংসের কারণ এটা। চাপ কমাতে অন্য দলগুলোর দিকেও মনোযোগ দেওয়া উচিত।’
রমিজ রাজা নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে এসেছে বড় পরিবর্তন। এরই মধ্যে পদত্যাগ করেছেন প্রধান নির্বাহী ওয়াসিম খান। এর আগে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস।
অসিমের মতে, রমিজের সামনে অনেক বাধা, ‘পাকিস্তান ক্রিকেটকে ঠিকঠাক করতে অনেক সাহসী পদক্ষেপ নিতে হবে। যাঁরা ঘুণের মতো সবকিছু খেয়ে ফেলছেন, তাঁদের মুখোশ খুলে দিয়ে হটাতে হবে।’
পাকিস্তান ক্রিকেটে ‘একে অন্যের পেছনে লেগে থাকার’ সংস্কৃতিটাও বদলায়নি বলে মনে করে করেন অসিম, ‘সিনিয়র ক্রিকেটাররা তরুণদের সাহায্য করেন না। কারণ, নিজেদের জায়গা হারানোর ভয়ে থাকেন তাঁরা। অনেক দিন ধরেই এমন হয়ে আসছে। এটা বন্ধ করা দরকার।’