ভারতের দুঃখ প্রকাশ

দোলাচলে দুলছে ভারত-পাকিস্তান সিরিজ। সিরিজটা হবে কি না—এ নিয়ে এমনিতেই সংশয় কম ছিল না, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যালয়ে দুই বোর্ডের প্রধানের বৈঠক চলাকালে শিবসেনার হামলায় তা আরও অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে এবার কিছুটা আশার আলো দেখা দিয়েছে, হামলার ১০ দিন পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুঃখ প্রকাশ করল বিসিসিআই। এতে দুই বোর্ডের মধ্যে পুনরায় আলোচনার পথটা খুলে গেল।
পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান গতকাল বিসিসিআই-প্রধান শশাঙ্ক মনোহরের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন। এতে ১৯ অক্টোবর ডানপন্থী রাজনৈতিক দল শিবসেনার হামলায় বৈঠকটি বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন শশাঙ্ক। পিসিবি বিবৃতিতে যেমনটি লিখেছে, ‘দুই বোর্ডের কর্মকর্তাদের মধ্যে সভা পণ্ড হওয়ায় মনোহর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। উগ্রপন্থীদের চাপের মুখে মুম্বাইয়ে পিসিবির সঙ্গে সভাটি বাতিল করেছিল বিসিসিআই।’ ডিসেম্বরে দুই দেশের মধ্যে সিরিজটি হবে কি না—এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গেও কথা বলবেন বলে চিঠিতে জানিয়েছেন বিসিসিআই সভাপতি। অবশ্য চিঠি পাঠানোর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বিসিসিআই।
গত বছর দুই বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক হওয়ার পরও থেকে ভারত-পাকিস্তান সিরিজটা নিয়ে সংশয় ছিল। চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দুই দেশের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা ছিল, যার প্রথমটি হওয়ার কথা এ বছরের ডিসেম্বরে। কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক ঝামেলায় সংশয়ে ফেলে দিয়েছে সিরিজটিকে। বিসিসিআই সভাপতি মনোহরের সঙ্গে সিরিজের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে ভারতে এসেছিলেন শাহরিয়ার। কিন্তু এটিও পণ্ড হয়ে গেল শিবসেনার হামলায়।
সভা বাতিল হওয়ায় নাখোশ হয়েই পাকিস্তান ফিরে গিয়েছিলেন শাহরিয়ার খান। অভিযোগ করেছিলেন, মুম্বাই ও নয়াদিল্লিতে যত দিন ছিলেন, তাঁর সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করেনি বিসিসিআই। মনোহরকে চিঠি লিখে এটাও জানিয়েছিলেন যে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবেন কি না—এ ব্যাপারে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে জানাবেন।
তবে গতকালের চিঠির পর কিছুটা ‘মন গলেছে’ পিসিবির সভাপতির। সংবাদমাধ্যমে পিসিবির মুখপাত্র বললেন, ‘এটা খুব ভালো লক্ষণ যে সভা বাতিল হওয়ায় তাঁরা দুঃখ প্রকাশ করেছেন এবং সরকারের সঙ্গে সিরিজ নিয়ে কথাও বলেছেন। এটা আমাদের ডিসেম্বরের সিরিজ হবে—এ ব্যাপারে আশাবাদী করছে।’ মুম্বাইয়ের বৈঠকের আগে ‘সংক্ষেপিত সিরিজের’ যে গুঞ্জন শোনা গিয়েছিল, প্রস্তাব পেলে এ ব্যাপারে ভেবে দেখবেন বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান।
তবে সমঝোতা স্মারক অনুযায়ী, পূর্ণ সিরিজের আশাই করছেন শাহরিয়ার। ২০০৭ সালের পর থেকে যে কখনো ভারত-পাকিস্তানের পূর্ণ সিরিজ দেখেনি ক্রিকেট। মাঝে শুধু ২০১৩ সালে ভারতের মাটিতে তিন ওয়ানডের একটি সিরিজ হয়েছিল। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডন।