ভারতের নতুন কোচ অনিল কুম্বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল কুম্বলের হাতেই উঠছে ভারতীয় দলের কোচের দায়িত্ব।ফাইল ছবি।
অনিল কুম্বলের হাতেই উঠছে ভারতীয় দলের কোচের দায়িত্ব।ফাইল ছবি।

নিয়োগ প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলের নাম।
আপাতত কুম্বলের সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চুক্তির মেয়াদ এক বছর। ওয়েস্ট ইন্ডিজে চার টেস্টের সিরিজ দিয়ে শুরু হচ্ছে তাঁর কার্যকাল।
ধর্মশালায় নতুন কোচের নাম ঘোষণা করতে গিয়ে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর জানিয়েছেন, অনিল কুম্বলের সহকারীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শেষ হয়ে যায় ভারতীয় দলের ‘টিম ডিরেক্টর’ হিসেবে দায়িত্বপালন করা রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ। এরপর থেকে নতুন একজন কোচের খোঁজ করছিল বিসিসিআই। ৫৭ জন সাবেক ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ব্যক্তিত্ব কোচ হতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছিলেন। আবেদন করেছিলেন রবি শাস্ত্রীও। এঁদের মধ্য থেকে ২১ জনকে নিয়ে করা হয় সংক্ষিপ্ত তালিকা। এই ২১ জনের মধ্য থেকে শেষ পর্যন্ত নিয়োগ পেলেন কুম্বলে।
সাবেক তিন তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণের সমন্বয়ে গঠিত বিসিসিআইয়ের উপদেষ্টা পরিষদ কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করে। সূত্র : পিটিআই।