ভারতের নতুন কোচ অনিল কুম্বলে?

সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণদের দারুণ পছন্দ অনিল কুম্বলেকে। ভারতের ক্রিকেট ইতিহাসের এই তিন সেরাকে নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি নাকি ইতিমধ্যেই কুম্বলের ব্যাপারে নিজেদের সবুজ সংকেত দিয়ে রেখেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন অনিল কুম্বলে।
কোচ নিয়োগপ্রক্রিয়ায় কুম্বলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভারতীয় দলের ‘পরিচালক’ হিসেবে সম্প্রতি মেয়াদ শেষ করা রবি শাস্ত্রীর। তবে উপদেষ্টা কমিটির তিন ‘তারকা’ই নাকি কুম্বলের পক্ষে মত দিয়েছেন। তবে কুম্বলের নিয়োগটা নাকি এই মুহূর্তে পুরোপুরি নির্ভর করছে টেস্ট অধিনায়ক বিরাট কোহলির মতামতের ওপর। আজ বুধবার কোহলির সঙ্গে উপদেষ্টা কমিটির আলোচনার কথা রয়েছে। সেখানে কোচ হিসেবে তাঁর পছন্দের কথা জানা হবে। যদি কোহলির পছন্দকে ধর্তব্যে আনা হয়, সে ক্ষেত্রে শাস্ত্রীর কোচ হওয়ার সম্ভাবনা নাকি এখনো শেষ হয়ে যায়নি। কোহলি শাস্ত্রীর কথা বললেই নাকি কুম্বলের নিয়োগ আটকে যাবে। কোহলির সঙ্গে শাস্ত্রীর দুর্দান্ত সম্পর্কের ব্যাপারটি অজানা নয় কারওরই।
বেশ কয়েকজন বিদেশি ক্রিকেট ব্যক্তিত্ব ভারতীয় দলের কোচের পদে নিয়োগ পেতে সাক্ষাৎকার দিয়েছিলেন। তবে এই মুহূর্তে ভারতীয় বোর্ড কোনো বিদেশিকে জাতীয় দলের কোচ করার পক্ষপাতী নয় বলেই জানা গেছে। টম মুডি, অ্যান্ডি মোলস ও ট্রেভর পেনিদের যত্নে তৈরি উপস্থাপনা শোনা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো নিয়ে আপাতত কোনো ভাবনা নেই ভারতীয় বোর্ডের।
পরবর্তী ভারতীয় কোচের নাম জানতে আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।