ভারতের নতুন কোচ কুম্বলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি-কোহলিদের নতুন কোচ অনিল কুম্বলে। গতকাল বিসিসিআই ভারতীয় দলের কোচ করেছে সাবেক এই লেগ স্পিনারকে। আপাতত তাঁর সঙ্গে চুক্তি হয়েছে এক বছরের। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে চার টেস্টের সিরিজ দিয়ে শুরু হচ্ছে তাঁর কার্যকাল।
গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শেষ হয়ে যায় ভারতীয় দলের ‘টিম ডিরেক্টর’ রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ। এরপর থেকে নতুন একজন কোচের খোঁজ করছিল বিসিসিআই। ৫৭ জন সাবেক ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটব্যক্তিত্ব কোচ হতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছিলেন। এঁদের মধ্য থেকে ২১ জনকে নিয়ে করা হয় সংক্ষিপ্ত তালিকা। যেখান থেকে শেষ পর্যন্ত নিয়োগ পেলেন কুম্বলে। ২০০০ সালে কপিল দেবের পদত্যাগের পর এই প্রথম কোনো ভারতীয় জাতীয় দলের পূর্ণকালীন কোচ হলেন। এএফপি।