ভারতের না খেলার অধিকার আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে হেরে গেলেও আরেকটা জায়গায় জয়ের অবস্থানে রয়েছে ভারত। এখনো চ্যাম্পিয়নস ট্রফির দল না দিয়ে আইসিসিকে চাপে ফেলে দিয়েছে তারা। শোনা যাচ্ছে ভারত চ্যাম্পিয়নস ট্রফিতেই না-ও খেলতে পারে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পাশেই দাঁড়িয়েছেন। বলছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলার অধিকার ভারতের আছে!
আইসিসি ও বিসিসিআইয়ের ঝামেলার শুরু আইসিসির সর্বশেষ বোর্ড সভার পর। দুবাইয়ের সেই সভা বড় এক ধাক্কাই দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। ৫৭ কোটি মার্কিন ডলার প্রাপ্তির আশা নিয়ে যাওয়া বিসিসিআই নতুন আর্থিক কাঠামো অনুযায়ী পাচ্ছে শুধু ২৯ কোটি ৩০ লাখ ডলার। এর প্রতিবাদে আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা ২৫ এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দল দেয়নি ভারত।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত না থাকলে টুর্নামেন্টটি যে জৌলুশ হারাবে, সেটা সবাই মানবেন। আইসিসিও তা জানে। আর ভারতকে শান্ত করতেই কিনা বিসিসিআইকে ৪০ কোটি ডলারের সমঝোতা প্রস্তাব দিয়েছিল আইসিসি। ভারত এটিও না মেনে বলছে, তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হোক আর অন্য বোর্ডগুলো নতুন আর্থিক কাঠামো অনুযায়ী অর্থ বুঝে নিক।
ভারতকে এভাবে আর্থিক দিক থেকে ‘বঞ্চিত’ (!) করাটা মেনে নিতে পারছেন না গাভাস্কার, ‘২০১৪ সালে শুরু হওয়া আর্থিক কাঠামো অনুযায়ী এগোলে টুর্নামেন্ট থেকে ভারতের নিজেদের সরিয়ে নেওয়াটা আইনসম্মতই বলে আমি মনে করি। ২০১৪ সালের সেই চুক্তি পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। আমি মনে করি, এটা ভুলে যাওয়া উচিত নয়। বিষয় হচ্ছে ২০১৪ সালের কাঠামো না মানলে কয়েক মাসের মধ্যে আপনি ২০১৭-এর কাঠামোও এড়িয়ে যেতে পারেন।’
তবে ভারতীয় ক্রিকেটের এভাবে ধাক্কা খাওয়ার জন্য বিসিসিআইকেও দুষছেন গাভাস্কার, ‘আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রভাব ঠিকই আছে। কয়েক বছর আগের মতো ভারত শক্তিধর আর নেই। এটা কেন হলো তা খুঁজে বের করতে নিজেদের দিকেই তাকাতে হবে। এ জন্য দায়ী শুধু বিসিসিআই।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।