ভারতের নালিশ, পরে প্রত্যাহার
রাতভর নাটক, আলোচনা। তারপর শান্তিচুক্তি। যার অর্থ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে ঘিরে ধরা কালো মেঘটা শেষ পর্যন্ত সরে গেল। বৃহস্পতিবার রাতটা নির্ঘুম কাটিয়েই সিরিজ নিয়ে শঙ্কা দূর করলেন দুই দেশের ক্রিকেট-কর্তারা।
গত বুধবার আইসিসি জানিয়ে দিয়েছিল, স্টিভেন স্মিথ কিংবা বিরাট কোহলি কারও বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে না তারা। ব্যাপারটা মানতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরশু সন্ধ্যায় তারা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে স্মিথ ও পিটার হ্যান্ডসকম্বের বিপক্ষে অভিযোগ করে। বেঙ্গালুরু টেস্টে হ্যান্ডসকম্বের পরামর্শে ডিআরএস নিতে স্মিথ ড্রেসিংরুমে সাহায্য চেয়েছেন—অভিযোগ এটাই। স্মিথদের বিরুদ্ধে ভারতীয়রা অভিযোগ তোলে লেভেল-২ ধারার আচরণবিধি ভাঙার। সিরিজের ভাগ্য নিয়েই তখন উৎকণ্ঠা।
এরপরই মাঠে নামেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেটের সদর দপ্তরে বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরির সঙ্গে দেখা করেন সাদারল্যান্ড। দুই প্রধান নির্বাহীর বৈঠক শেষে বিসিসিআই সিদ্ধান্ত নেয় অভিযোগ প্রত্যাহার করার। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় রাঁচি টেস্টের আগে আলোচনায় বসবেন দুই অধিনায়ক কোহলি ও স্মিথ।
পরে যৌথ বিবৃতিতে ঝামেলা মিটে যাওয়ার কথা জানায় দুই বোর্ড, ‘বিসিসিআই ও সিএ চলতি সিরিজে মনোযোগ দিতেই বেঙ্গালুরুর দ্বিতীয় টেস্টের ঝামেলা মিটিয়ে ফেলেছে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে আইসিসির কাছে করা অভিযোগ প্রত্যাহারের।’
ওই বিবৃতিতেই সাদারল্যান্ড উত্তেজনা প্রশমনে কাজ করার ঘোষণা দেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজ নিয়ে দুই দেশের সমর্থকদের প্রবল উৎসাহ। মাঠেও দুই দল প্রবল প্রতিদ্বন্দ্বী। মাত্রা ছাড়ানো উত্তেজনার বেঙ্গালুরু টেস্টই এর উদাহরণ। আমরা দারুণ একটি সিরিজের মাঝপথে আছি। সবকিছু নিয়ে আলোচনা করে আমরা একমত হয়েছি, ক্রিকেটের স্বার্থে সব মতপার্থক্য সরিয়ে রাখা উচিত। মনোযোগ দেওয়া উচিত ক্রিকেট ও সিরিজের বাকি অংশে।’
রাঁচিতে তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ মার্চ। চার ম্যাচ সিরিজে এখন ১-১-এ সমতা। এএফপি।