ভারতের নির্বাচকদের একহাত নিলেন রাইড়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম্বাতি রাইড়ু। ছবি: এএফপি
আম্বাতি রাইড়ু। ছবি: এএফপি
>ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি আম্বাতি রাইড়ুর। এতে নির্বাচকদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন এই ব্যাটসম্যান

আম্বাতি রাইড়ুকে ছয় মাস আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন স্বয়ং বিরাট কোহলি। বিশ্বকাপে ভারতের ৪ নম্বর ব্যাটিং পজিশনে রাইড়ুকে পছন্দের কথা সরাসরি বলেছিলেন ভারতের এই অধিনায়ক। কিন্তু কাল রাইড়ুকে রীতিমতো চমকেই দিয়েছেন নির্বাচকেরা। ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি রাইড়ুর। এতে নির্বাচকদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

রাইড়ুর বদলে বিজয় শংকরকে দলে টেনেছেন নির্বাচকেরা। এ ক্ষেত্রে ভারতের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদের ব্যাখ্যা ছিল, ‘শংকর “ত্রিমাত্রিক” সুবিধা যোগ করতে পারবে। রাইড়ুকে আমরা বেশ কিছু সুযোগ দিয়েছিলাম। কিন্তু বিজয় শংকর ত্রিমাত্রিক সুবিধা দিতে পারবে। সে ব্যাট করতে পারে। আর মেঘলা কন্ডিশনে সে বলও করতে পারে, ইংল্যান্ডে আমাদের এমন কন্ডিশনের মুখোমুখি হতে হবে আর সে দুর্দান্ত ফিল্ডারও।’ অলরাউন্ডার বিজয় শংকর তিনটি বিভাগেই দক্ষ—এ কথা বোঝাতেই ‘ত্রিমাত্রিক’ শব্দটি ব্যবহার করেছেন নির্বাচকেরা।

এদিকে ২০১৯ বিশ্বকাপ দলে বিবেচিত না হওয়ায় রাইড়ুর মনে ক্ষোভ জন্ম নেওয়াই স্বাভাবিক। তবে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার নির্বাচকদের প্রতি ক্ষোভটুকু উগরে দিয়েছেন রসিকতাপূর্ণ খোঁচা মেরে। আজ তাঁর টুইট, ‘বিশ্বকাপ দেখতে এই মাত্র ত্রিমাত্রিক চশমার অর্ডার দিলাম।’

ভারতের নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে দেশটির ক্রিকেটারদের সরাসরি প্রশ্ন তোলার ঘটনা একটু বিরলই। এর আগে করুণ নায়ার এমন কাজ করে শাস্তির সম্মুখীন হয়েছিলেন। এবার রাইড়ুর এমন মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেটে। দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীরও প্রশ্ন তুলেছেন নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে। পিটিআইকে গম্ভীর বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে সাদা বলে ৪৮ গড় নিয়ে কেউ বাদ পড়বে। আমার কাছে অন্য যেকোনো সিদ্ধান্তের চেয়ে এটা বেশি হৃদয়ভাঙার বলে মনে হয়। তার জন্য খারাপ লাগছে।’ আর গত অক্টোবরে কোহলিও বলেছিলেন, ‘আমাদের বিশ্বাস জায়গাটির (৪ নম্বর পজিশন) জন্য সে (রাইড়ু) সঠিক ব্যক্তি। তার অভিজ্ঞতা আছে, রাজ্য এবং আইপিএল দলের হয়ে অনেক ম্যাচ জিতেছে।’