ভারতের পক্ষে আইসিসি!

‘ভারতের এই দলটিই কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ও ওয়ানডেতে ম্যাচের পর ম্যাচ হেরেছে। অস্ট্রেলিয়ার উইকেটে ভারতের ব্যাটসম্যানরা খেয়েছেন খাবি অথচ বিশ্বকাপ শুরু হতেই পরিস্থিতি ভোজবাজির মতো পাল্টে গেল। ব্যাপারটা আর কিছুই নয়, ভারতের প্রতি আইসিসি পক্ষপাতদুষ্ট। তাদের শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে ভারতের ম্যাচের উইকেট।’
ওপরের কথাগুলো যে চরম ভারত-বিদ্বেষী, কারও সেটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই। আরও নির্দিষ্ট করে বললে, কথাগুলো নিশ্চিতভাবেই কোনো পাকিস্তানির। নয়তো বিশ্বকাপে যেখানে আরও ১২টি দল আছে, সেখানে নির্দিষ্ট করে তিনি কেন ভারতকে উদ্দেশ করেই কথাগুলো বলবেন!
পাঠক এতক্ষণে নিশ্চয়ই এ বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। হ্যাঁ, কথাগুলো বলেছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার সরফরাজ নেওয়াজ। তেড়েফুঁড়ে বিতর্কিত মন্তব্য করতে যাঁর জুড়ি মেলা ভার। চাঁছাছোলা বাক্যবাণ যাঁর নিত্যদিনের সঙ্গী। ভারত যাঁর আজীবনের শত্রু। নিজ দেশের একটি টেলিভিশন চ্যানেলে অতিথির আসনে বসেও তিনি ছাড়তে পারেননি তাঁর বিদ্বেষ। বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা বিশ্লেষণ করতে গিয়ে তিনি টেনে এনেছেন ‘চিরশত্রু’ ভারতের প্রসঙ্গ। বলেছেন, ‘এবারের বিশ্বকাপে আইসিসি ভারতের পক্ষে নির্লজ্জ পক্ষপাতে মেতে উঠেছে।’
সরফরাজ নিজের মন্তব্যের সপক্ষে ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন, ‘বিশ্বকাপে ভারত যে ম্যাচগুলোতে মাঠে নেমেছে, সেই ম্যাচগুলোতে উইকেট তৈরি করা হয়েছে তাদের শক্তিমত্তাকে মাথায় রেখেই। অথচ, উল্টোদিকে দেখুন, পাকিস্তান প্রতিটি ম্যাচে খেলেছে কঠিন উইকেটে। উইকেটগুলো যেন তৈরিই করা হয়েছিল পাকিস্তানকে বিপদে ফেলতে।’
জিম্বাবুয়ের বিপক্ষে জিততে যে দলের গলদঘর্ম অবস্থা, সে দলের ব্যর্থতার মূল কারণ নাকি ‘আইসিসির অন্যায় পক্ষপাত’। সরফরাজ নেওয়াজ পারেনও বটে! যে সংগঠনের বিরুদ্ধে তিরি পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছেন, সেই সংগঠনের কাছেই এ ব্যাপারে ‘নালিশ’ করার তরিকা বাতলে দিয়েছেন তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, ‘আমার মনে হয় পিসিবির উচিত এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা।’
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকিং-দুর্ভাগ্যে বিশ্বকাপ খেলার সুযোগ হারানো অফ স্পিনার সাঈদ আজমল। তবে তাঁর মন্তব্যগুলো ছিল ভারত-বিদ্বেষ ও আইসিসির দিকে অভিযোগের তিরকে পাশ কাটিয়েই, ‘ভারত কিংবা আইসিসিকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এমন মন্তব্য করার আমি কেউ নই। আমি শুধুই অভিনন্দন জানাব মিসবাহর দলকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি অসাধারণ জয়ের জন্য।’