ভারতের পরাজয়ে উপকৃত গৃহহীনেরা!

এমনটাই যদি চলতে থাকে, এখন থেকে ইংল্যান্ডের সব গৃহহীন মানুষ নিশ্চয়ই মনেপ্রাণে প্রার্থনা করবে, ভারত যেন দুই-তিন দিনের মধ্যেই টেস্ট হেরে যায়! না, শুধু নিজ দলের ভালোর জন্য এই প্রার্থনা নয়, এই প্রার্থনা নিজেদের জন্যও। কারণ ওল্ড ট্র্যাফোর্ড টেস্টটা তিন দিনের মধ্যেই শেষ হওয়ায় যে উপকৃত হয়েছে ম্যানচেস্টারের গৃহহীনেরা!
চতুর্থ ও পঞ্চম দিনের খেলা না হওয়ায় একটু ঝামেলাতেই পড়ে যায় ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। ওল্ড ট্র্যাফোর্ড মাঠটার মালিক এরাই। ঝামেলাটা হলো, মাঠকর্মীদের খাবারের জন্য আনা শেষ দুদিনের এত এত স্যান্ডউইচের কী হবে?
খাবারগুলো নষ্ট না করে সেগুলো দান করে দেওয়া হয় ন্যারোগেট জরুরি আবাসন সংস্থাকে। এই স্যান্ডউইচ পেয়ে উপকৃত গৃহহীনেরা ভীষণই খুশি। সংস্থাটির প্রধান নির্বাহী মার্টিন ক্রোহার্স্ট বলেছেন, ‘সোমবার তো বৃষ্টিভেজা দিন ছিল। গৃহহীনদের জন্য খুবই কষ্টের একটা দিন। তাই ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব থেকে আসা স্যান্ডউইচগুলো খুব কাজে দিয়েছে। গরম স্যুপের সঙ্গে স্যান্ডউইচ পরিবেশন করেছি আমরা। পরের দিনও দিতে পেরেছি।’
ভারতের পরাজয়ে এখন থেকে ইংলিশ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি গৃহহীনদের প্রার্থনার হাতও যুক্ত হতে চলল নিশ্চয়ই! সূত্র: এএফপি।