ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার 'লেজের' দাপট

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়ার ২৪৭ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ভারত যখন স্বপ্ন দেখছিল লিড নেওয়ার, তখনই হিসাব-নিকাশ বদলে দিল স্টিভেন স্মিথ ও তাঁর ‘টেইল-এন্ডার’রা। স্মিথের শতক, সঙ্গে দুই ‘মিচেল’-জনসন ও স্টার্কের অর্ধশতকে ৫০৫ রান তুলে ৯৭ রানের লিড পায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। মহেন্দ্র সিং ধোনির দল এখনো পিছিয়ে ২৬ রানে। স্টার্কের বলে বোল্ড হয়ে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুরালি বিজয় ফিরেছেন ২৭ রান করে। শিখর ধাওয়ান অপরাজিত আছেন ২৬ ও চেতেশ্বর পূজারা ১৫ রানে।
আগের দিনের ৪ উইকেটে ২২১ রানে খেলতে নেমে আজ ৫৭.৪ ওভারে অবশিষ্ট ৬ উইকেটে অস্ট্রেলিয়া তুলেছে ২৮৪ রান। রান উঠেছে ওভারপ্রতি প্রায় পাঁচ করে। তবে সকালের সেশনে ১৫ রানের ব্যবধানে মিচেল মার্শ ও ব্র্যাড হাডিনের উইকেট হারিয়ে বেশ বিপর্যয়েই পড়ে স্মিথের দল। অস্ট্রেলিয়ার লেজ মুড়ে দেওয়ার কাজটা কঠিন করে তোলে স্মিথ-জনসনের সপ্তম উইকেট জুটি। এ জুটিতে আসে ১৫৬ বলে ১৪৮ রান। তবে স্বাগতিকদের লিড নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নাথান লায়ন-স্টার্কের নবম উইকেট জুটিতে করা ৫৬ ও স্টার্ক-জশ হ্যাজলউডের দশম উইকেট জুটিতে তোলা ৫১ রান। ‘বেবি-ফেস’ হলেও ব্যাটিংয়ের পরিপক্বতা আরেকবার দেখালেন স্মিথ। অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করে ঠাঁই নিলেন রেকর্ডের পাতায়। গ্রেগ চ্যাপেলের পর এই প্রথম কোনো অস্ট্রেলীয় সেঞ্চুরি পেলেন অধিনায়কত্বের অভিষেকেই। ইশান্ত শর্মার বলে ফেরার আগে অস্ট্রেলিয়া অধিনায়কের সংগ্রহ ১৩৩ রান। চলতি সিরিজে প্রথমবারের মতো স্মিথকে আউট করতে পারল ভারত! পরিস্থিতির দাবি মেনে জনসনের পরিপূর্ণ ব্যাটসম্যান হয়ে ওঠা নতুন নয়। ৯৩ বলে ৮৮ রান তুলে ফিরেছেন ইশান্তর বলে। গত বছর মার্চে মোহালিতে এই ভারতের বিপক্ষে ৯৯ রানে ফিরেছিলেন স্টার্ক। আজও ইঙ্গিত দিয়েছিলেন তেমনই এক ইনিংসের। অতটা বড় না হলেও স্টার্কের ইনিংসটিও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রবিচন্দ্রন অশ্বিনের বলে ফেরার আগে এ বাঁহাতির সংগ্রহ ৫২ রান। অভিষেকে বল হাতে আলো ছড়ানো হ্যাজলউড অপরাজিত ছিলেন ৩২ রান করে। ইশান্ত ও উমেশ যাদব নিয়েছেন ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট।