ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড ২৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ারল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ এসেছে নেইল ও’ব্রায়েনের ব্যাট থেকে ছবি: এএফপি
আয়ারল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ এসেছে নেইল ও’ব্রায়েনের ব্যাট থেকে ছবি: এএফপি

হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ব্যাটিংটা মন্দ হয়নি আয়ারল্যান্ডের। যদিও সুবিধাজনক অবস্থানে থেকেও স্কোরবোর্ডে উচ্ছ্বসিত হওয়ার মতো কোনো সংগ্রহ তুলতে পারেনি তারা। শুরুর দাপট শেষ অবধি ধরে রাখতে না পারার ব্যর্থতাতেই মূলত আইরিশদের সংগ্রহ ৩০০ ছাড়িয়ে যায়নি। ভারতীয় বোলাররাও নিজেদের অভিজ্ঞতা ব্যবহার করে দুর্দান্তভাবেই সামলেছেন বিব্রতকর পরিস্থিতি। বড় কিছুর ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ সব কটি উইকেট হারিয়ে ২৫৯।
অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড আর পল স্টার্লিংয়ের দুর্দান্ত উদ্বোধনী জুটিই মূলত ভিত গড়ে দিয়েছিল আইরিশ-দাপটের। এই দুজনের ৮৯ রানের জুটি আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আয়ারল্যান্ডের সর্বোচ্চ। দারুণ উদ্বোধনী জুটির পর তৃতীয় উইকেটেও নেইল ও’ব্রায়েনের সঙ্গে ৫৩ রানের একটি জুটি গড়ে তোলেন পোর্টারফিল্ড। নেইল ও’ব্রায়েন ও অ্যান্ডি বলবার্নির চতুর্থ উইকেট জুটি স্কোরবোর্ডে যোগ করে ৬১ রান।
তিনটি ভালো জুটির পরেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েই আয়ারল্যান্ডের আর বড় রান করা হয়নি। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড করেছেন ৬৭, নেইল ও’ব্রায়েনের ব্যাট থেকে এসেছে ৭৩। পল স্টার্লিংয়ের ৪২ রানটাও ছিল দারুণ গুরুত্বপূর্ণ। অ্যান্ডি বলবার্নি তাঁর সম্ভাবনাময় ইনিংসটিকে ২৪-এর বেশি নিতে পারেননি। এই তিন ব্যাটসম্যান ছাড়া বাকিরা আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। বড় সংগ্রহের ভিতের ওপর দাঁড়িয়েও শেষ পর্যন্ত আড়াই শ পেরোনোর সন্তুষ্টি নিয়েই থাকতে হলো তাদের।
পোর্টারফিল্ড, স্টার্লিং, নেইল ও’ব্রায়েন ও অ্যান্ডি বলবার্নির বিদায়ের পর সাজঘরে ফেরার মিছিল শুরু হয় আয়ারল্যান্ড ব্যাটসম্যানদের। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন আর স্টুয়ার্ট টমসন ফেরেন খুব দ্রততার সঙ্গেই। দ্বিতীয় স্পেলে বল করতে এসে দারুণ সফল মোহাম্মদ শামি। তিনি তুলে নেন ও’ব্রায়েন ভাইদের উইকেট। বিশেষ করে নেইল ও’ব্রায়েনের উইকেটটি যে ছিল মহামূল্যের, সেটা নতুন করে বলার কিছুই নেই। শামির পাশাপাশি অশ্বিনের ঝুলিতেও গেছে ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব, মোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়না।