ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দল কেমন হওয়া উচিত, বললেন কামরান আকমল

রুটের ওপর ভর করেই চলছে ইংল্যান্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড টেস্ট দলে ব্যাটসম্যানের সংকট নতুন নয়। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে হারের পর নতুন করে এই আলোচনা সামনে আসছে। বিশেষ করে ইংল্যান্ডের দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলিকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। রান করা যেন ভুলেই গেছেন দুজন।

দুই ওপেনারের টানা ব্যর্থতায় ব্যাটিং অর্ডারের একমাত্র ফর্মে থাকা ব্যাটসম্যান জো রুট আছেন চাপে। ইংল্যান্ড দলের এই ব্যাটিং সমস্যার সমাধান কী হতে পারে, সেটা জানালেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল। তিনি তরুণ ব্যাটসম্যান জ্যাক ক্রলিকে একাদশে দেখতে চান।

কামরান আকমল।
এএফপি ফাইল ছবি

নিজের ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেন, ‘আমি কাউকে অসম্মান করতে চাই না। কিন্তু আমি ইংল্যান্ডের ইতিহাসে এমন দুর্বল ওপেনিং জুটি দেখিনি। আমার মনে হয়, জ্যাক ক্রলিকে ওপেনার হিসেবে ৫-৬টি ম্যাচ খেলানো উচিত। ক্রলি তুলনামূলকভাবে অনেক ভালো ক্রিকেটার। সে যত খেলবে, ততই উন্নতি করবে। ভবিষ্যতে ক্রলিই রুটের মতো বড় ব্যাটসম্যানে পরিণত হবে। আমার মনে হয়, ইংল্যান্ডের এভাবেই ভাবা উচিত। সে ৩ নম্বরে ব্যাটিং করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে বাদ দেওয়া হয়।’

ইংল্যান্ড দলের সাবেক ওপেনার ও ধারাভাষ্যকার ডেভিড লয়েডও ইংলিশ ওপেনারদের পারফরম্যান্সে অখুশি। খেলোয়াড়, কোচ ও পরবর্তী সময়ে ধারাভাষ্যকার হিসেবে ইংল্যান্ড ক্রিকেটকে দেখেছেন তিনি। এমন দুর্বল ওপেনিং জুটি নাকি তিনি কখনো দেখেননি, ‘৫৭ বছর আমি ক্রিকেট দেখছি। কিন্তু বার্নস ও সিবলির মতো ওপেনিং জুটি আমি কখনো দেখিনি।’

ইংল্যান্ড দলের এমন দুর্দশার বড় কারণও বিশ্লেষণ করে বের করেছেন লয়েড। ২০২১ সালে ইংল্যান্ড দলের অতিরিক্ত ক্রিকেট ম্যাচ থাকায় মূল ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হয়। এতে দলের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটার প্রতিচ্ছবিই নাকি ইংল্যান্ডের ব্যাটসম্যানের এমন বাজে পারফরম্যান্স।

লয়েড বলেছেন, ‘আমার মনে হয়, ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানোর বিষয়টি টেস্ট দলের ক্ষতি করেছে। ভালোর জন্য ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর চেষ্টা করলেও সেটা দলকে অস্থিতিশীল করেছে। জো রুট ছাড়া কেউই এখন রান করছে না।’

শুধু যে ইংল্যান্ডের টপ অর্ডারই ব্যর্থ হচ্ছে, তা কিন্তু নয়। ইংল্যান্ডের মিডল অর্ডারও যে খুব ভালো ছন্দে নেই, সেটিও মনে করিয়ে দিয়েছেন লয়েড, ‘ইংল্যান্ডের মিডল অর্ডারে কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, ইয়ান বেলের মতো ক্রিকেটাররা খেলেছে। তারা জুটি গড়তে পারত। ইংল্যান্ড দ্রুত উইকেট হারালেও এই ব্যাটসম্যানরা ইনিংস ধরে রাখতে পারত।’

এত আলোচনার মধ্যে আজ তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে কামরান আকমলের পরামর্শে গা করেননি ইংল্যান্ডের নির্বাচকেরা। জ্যাক ক্রলিকে উল্টো বাদই দিয়ে দিয়েছে ১৫ জনের দল থেকে। প্রথম দুই টেস্টের দলে থাকলেও লর্ডসে খেলেননি ক্রলি।

লর্ডসে ভারতের জয়ের মুহূর্ত
ছবি: আইসিসি টুইটার

ওপেনার সিবলিকেও বাদ দিয়েছে ইংল্যান্ড। দলে ফিরিয়েছে ডেভিড ম্যালানকে। এখন পর্যন্ত ১৫ টেস্ট খেলা ম্যালান ২০১৮ সালে এজবাস্টনে ভারতের বিপক্ষে খেলেছিলেন তাঁর সর্বশেষ টেস্ট।

সিবলি-ক্রলি দুজনকেই বাদ দেওয়ায় সম্ভাবনা জেগেছে, হেডিংলিতে ররি বার্নসের সঙ্গে ইংল্যান্ডের হয়ে ইনিংসের উদ্বোধন করবেন হাসিব হামিদ। বোলিংয়ে ইংল্যান্ড সাকিব মাহমুদকে দলে ডেকেছে। লর্ডসে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়া ফাস্ট বোলার মার্ক উডের ফিটনেস নিয়ে শঙ্কা থাকায়ই মাহমুদকে দলে ডাকা।

হেডিংলিতে তৃতীয় টেস্ট শুরু হবে ২৫ আগস্ট। পাঁচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট শেষে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড দল:

জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড ম্যালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, মার্ক উড।