ভারতের বিপক্ষে ওয়ার্নারকে তড়িঘড়ি করে এনেও লাভ হচ্ছে অস্ট্রেলিয়ার?
সমস্যাটা হয়েছিল ওয়ানডে সিরিজেই। কুঁচকির চোটে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। পরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তো বটেই, টেস্ট সিরিজেও খেলতে পারবেন কি না, সেটা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়া যেমন পরাক্রম দেখিয়ে জিতেছে, সেটার পর ওয়ার্নার না এলেও কোনো সমস্যা নেই মনে হয়েছিল। কিন্তু সব হিসাব পাল্টে গেছে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার পরাজয়ের পর। ওপেনার জো বার্নসের ফর্মহীনতার কারণে তড়িঘড়ি করে ওয়ার্নারকে স্কোয়াডে ডেকেছে অস্ট্রেলিয়া। কিন্তু ডাকলেই কি হবে? ওয়ার্নারেরও তো পুরোপুরি সুস্থ হওয়া লাগবে!
সিডনি টেস্ট শুরু হতে এখনো পাঁচ দিনের মতো বাকি আছে। কিন্তু এই পাঁচ দিনে কি ওয়ার্নার সুস্থ হতে পারবেন?
আপাতত সতীর্থদের সঙ্গে মেলবোর্নে অনুশীলন চালিয়ে গেলেও ওয়ার্নার সে ব্যাপারে নিজেই নিঃসন্দেহ নন, ‘দুই দিন ধরে আমি দৌড়াই না। আজ আর আগামীকাল দেখি, নিজের অনুশীলন দেখে বুঝতে পারব আমার অবস্থা কেমন, আমি শতভাগ ফিট কি না। আমি নিজেই সন্দিহান। কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী সবকিছু করছি ফিট হওয়ার জন্য। যদি আমি শতভাগ ফিটও না হই, তা-ও আমি চেষ্টা করব খেলতে।’
ব্যাট করার চেয়ে ওয়ার্নারকে চিন্তায় ফেলছে উইকেটের মধ্যে দৌড়ে দৌড়ে রান নেওয়ার ব্যাপারটা, ‘কয়েকটা শট খেলতে পারছি না। বাকিগুলো খেলতে পারছি। কিন্তু উইকেটের মধ্যে দৌড়ে রান নেওয়ার বিষয়টা চিন্তায় ফেলছে আমাকে। আমি কোন শট খেলতে পারব আর কোনগুলো পারব না, সেগুলো নিয়ে আপাতত চিন্তা করছি না। উইকেটের অন্য প্রান্তে যে থাকবে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রান্তে আনতে পারি কি না, সেটাই ভাবার বিষয়। এগুলো নিয়েই আমাকে কাজ করে যেতে হবে। এখন মনে হচ্ছে আমি হয়তো শতভাগ ফিট হতে পারব না, তাই বলে যে চেষ্টা থামিয়ে দেব, সেটাও নয়।’
এই সমস্যার সমাধানও আছে ওয়ার্নারের কাছে, ‘উইকেটে রান নেওয়ার ব্যাপারে কিংবা শট নির্বাচন করার ব্যাপারে আমাকে এ ক্ষেত্রে চতুর হতে হবে। আমি জানি আমি সেটা করতে পারব।’