ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই উইলিয়ামসন, টেস্ট খেলবেন না বোল্ট

টানা খেলে ক্লান্ত উইলিয়ামসন-বোল্টছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। এরই মধ্যে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি ভারতে চলে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দলের সঙ্গে অধিনায়ক কেইন উইলিয়ামসন এলেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিচ্ছেন তিনি। তাঁর বদলে অধিনায়কত্ব করবেন সহ–অধিনায়ক অভিজ্ঞ পেস বোলার টিম সাউদি।

কনুইয়ের চোট নিয়েই বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন উইলিয়ামসন। সেই অবস্থাতেই খেলেছেন ৪৮ বলে ৮৫ রানের অনবদ্য এক ইনিংস। দল জিততে না পারলেও উইলিয়ামসনের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে সবার। চোট থেকে পুনর্বাসনের জন্যই মূলত টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না উইলিয়ামসন। টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ওদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন না নিউজিল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে উড়াল দেবেন তিনি।

বিশ্বকাপে দারুণ করেছেন বোল্ট
ছবি: রয়টার্স

নিউজিল্যান্ড ক্রিকেটের একটি ভিডিওতে বোল্ট বলেছেন ভারতের মাটিতে খেলার চ্যালেঞ্জ উপভোগ করেন তাঁরা, ‘নিঃসন্দেহে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ, কিন্তু এরপরেই ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলা। আমি মনে করি ছেলেরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে বসে আছে। পাশাপাশি এখানকার উইকেটের ধরন বুঝতে পারাও খেলায় বড় একটা প্রভাব ফেলবে।’

ফাইনালে উইলিয়ামসন ছিলেন দুর্দান্ত
ছবি: টুইতার

আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বও খেলেছেন বোল্ট। জৈব সুরক্ষাবলয়ে থেকে একটানা এত দিন খেলেছেন বলেই এখন টেস্ট সিরিজ না খেলে বিশ্রামে যাচ্ছেন বলে জানান এই পেস তারকা, ‘সবাই নিউজিল্যান্ডের গ্রীষ্মের জন্য অপেক্ষা করছে। আমিও সুযোগ পাওয়া মাত্রই লাল বল হাতে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি প্রায় ১২ সপ্তাহের মতো টানা ক্রিকেট খেলছি। ফলে এখন একটু সতেজ হয়ে গ্রীষ্ম মৌসুমে ফেরত আসতে পারব বলে আশা করছি।’

মাত্র কয়েক দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে কিউইরা। সে ক্ষত যে এখনো দগদগে, সেটা ফুটে উঠল বোল্টের কথায়, ‘খেলার ফলাফলটা মেনে নিতে এখনো কষ্ট হলেও জীবন আসলে থেমে থাকে না। দেখুন না, ফাইনাল শেষে হোটেলে গেলাম, সেখানে আমাদের ব্যাগগুলো আগেই বের করা ছিল। সেগুলো নিয়ে একটা চার্টার্ড ফ্লাইটে করে আমরা জয়পুরে এসে এখন আরেকটা হোটেলে চলে এসেছি।’

ছয় বছরে তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বোল্ট, ‘সব মিলিয়ে আমরা সন্তুষ্ট। তবে এটা দুঃখজনক যে আমরা জিততে পারিনি। বিশ্বকাপের সঙ্গে যে চাপ এবং উত্তেজনাটা আসে, এগুলো তরুণদের জন্য দারুণ শিক্ষণীয়।’