ভারতের বিপক্ষে সেমিফাইনালও পাকিস্তানের কাছে 'সাধারণ ম্যাচ'

ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথের আরেকটি অধ্যায় মঞ্চস্থ হতে যাচ্ছে আগামী মঙ্গলবার, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। ম্যাচটিকে সহজভাবেই নিচ্ছেন পাকিস্তানের ব্যাটসম্যান হুরাইরা।
সেমিফাইনাল—যে কোনো টুর্নামেন্টে যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আর সেটা যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাহলে তো কথাই নেই। যুদ্ধ-যুদ্ধ একটা ভাব থাকে। থাকে একে-অপরকে উড়িয়ে দেওয়ার ইচ্ছা। কিন্তু ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আগামী মঙ্গলবারের সেমিফাইনালটিকে সেরকম দৃষ্টিতে দেখছেন না পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হুরাইরা। তাঁর কাছে এটি আরেকটা ‘সাধারণ’ ম্যাচই।
দক্ষিণ আফ্রিকার বেনোনিতে গতকাল আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ওঠার ম্যাচে ৭৬ বলে ৬৪ রান করা হুরাইরা ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপটা ঠিকই টের পাচ্ছেন। মানছেন এই ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা চাপে থাকবে। তবে সেই চাপে ভেঙে পড়ার কিছু দেখছেন না, ‘ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তো থাকবেই। চাপও থাকবে এই ম্যাচে। তবে আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারব। আমি যদি এই ম্যাচে খেলার সুযোগ পাই তাহলে আরেকটি সাধারণ ম্যাচ মনে করেই খেলব।’
হুরাইরা ম্যাচটিকে যতই ‘সাধারণ’ ভেবে চাপ কমানোর চেষ্টা করুন, পাকিস্তানের জন্য ফাইনালে যাওয়াটা মোটেই সহজ হবে না। সেমিফাইনালটা তাদের খেলতে হচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে। তবে পাকিস্তানেরও প্রেরণা খুঁজে নেওয়ার জন্য আছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলটির সমৃদ্ধ অতীত। ২০০৪ ও ২০০৬ সালে টানা দুবার যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে পাকিস্তান। সব মিলিয়ে যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালটির দিকে তাকিয়ে আছেন হুরাইরা আর তাঁর সতীর্থরা, ‘ভারতের বিপক্ষে এই ম্যাচটি খেলতে উন্মুখ হয়ে আছি আমরা।’
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।