ভারতের বিপক্ষেই শেষ সাঙ্গাকারার

গুঞ্জনটা হাওয়ায় ভাসছিল কিছুদিন ধরেই। দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজই কুমার সাঙ্গাকারার শেষ, নাকি আরও কিছুদিন খেলবেন? যাঁকে নিয়ে প্রশ্ন, সেই সাঙ্গাকারাই দিলেন উত্তরটা। আগামী আগস্টে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন লঙ্কান ব্যাটসম্যান। গতকাল পাকিস্তানের বিপক্ষে চলমান কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে আমার বিদায় বলার এটাই সময়।’
টেস্টে ১২৩০৫ রান আর ৩৮ সেঞ্চুরি। এই ৩৮টি সেঞ্চুরির মধ্যে ১১টিই ডাবল। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকারকে (১৫৯২১ রান, ৫১ সেঞ্চুরি) হয়তোবা স্পর্শ করতে পারবেন না, তবে আরেক কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ১২টি ডাবল সেঞ্চুরির রেকর্ডটা ছোঁয়ার কিংবা পেরিয়ে যাওয়ার স্বপ্ন কি দেখেন না সাঙ্গাকারা? শ্রীলঙ্কান গ্রেটের সোজাসাপ্টা জবাব, ‘আমি ব্যক্তিগত রেকর্ডের জন্য ক্যারিয়ারটাকে লম্বা করতে চাই না। বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে আমার পুরোপুরি বিদায় বলার কথা ছিল। কিন্তু তখন নির্বাচকেরা আরও চারটি টেস্ট খেলার জন্য অনুরোধ করেন। আমিও রাজি হই। যেহেতু আমি কথা দিয়েছি, সেই কথা রাখব।’
চারটি টেস্টের মধ্যে দুটি হয়ে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে। বাকি দুটি ভারতের বিপক্ষে। মাঝে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টটা তাই খেলছেন না সাঙ্গাকারা। চূড়ান্ত হয়নি ভারতের বিপক্ষে সিরিজের সূচিও।
গত বছর বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেই টি-টোয়েন্টি থেকে বিদায় নেন সাঙ্গাকারা। আর চলতি বছর বিশ্বকাপের পর অবসর নেন ওয়ানডে থেকেও। বিদায়ের আগেই অবশ্য বিশ্বকাপে টানা চার সেঞ্চুরির রেকর্ড গড়েন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক। তবে সবকিছু ছাপিয়ে দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলাটাকেই বড় অর্জন বলে মনে করেন তিনি, ‘শ্রীলঙ্কার হয়ে খেলা খুবই মিস করব আমি। তিন ফরম্যাটের ক্রিকেটই আমি উপভোগ করেছি, তবে সাদা জার্সিতে শ্রীলঙ্কার জন্য কিছু করতে পারা সত্যিই বিশেষ কিছু।’ এএফপি।