ভারতের বিপক্ষেও এভাবেই খেলবে ইংল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ একটি সিরিজই কাটিয়েছেন জনি বেয়ারস্টোছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজবাস্টনে কী অপেক্ষা করছে—রোহিত শর্মা নিশ্চয়ই তা আন্দাজ করে নিতে পারছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্যই ৩–০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। শুধু জিতেছে বললে কম হয়, ইংল্যান্ড যেভাবে জিতেছে, তা জয়ের চেয়েও বেশি আলোচিত হচ্ছে। বেন স্টোকস অধিনায়ক এবং ব্রেন্ডন ম্যাককালাম কোচ হওয়ার পর যেন টেস্টে ব্যাটিংয়ের ধারা পাল্টে দেওয়ার পণ করেছে ইংল্যান্ড দল।

এর মধ্যে পাল্টে গেছেও—নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জনি বেয়ারস্টো–স্টোকসের মারমার কাটকাট ব্যাটিংই তার প্রমাণ। এভাবেও যে টেস্ট জেতা যায়, না দেখলে বিশ্বাস হয় না! ভারতের টেস্ট অধিনায়ক রোহিতও নিশ্চয়ই বেয়ারস্টোদের ব্যাটিং দেখেছেন। তাঁর তো মনে মনে প্রমাদ গোনার কথা!

আরও পড়ুন
টেস্ট সিরিজেও স্কুপ শট খেলছেন জো রুট
ছবি: রয়টার্স

পাঁচ টেস্টের সিরিজ খেলতে গত বছর ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। করোনাভাইরাস মহামারির কারণে সিরিজের শেষ টেস্টটি তখন মাঠে গড়ায়নি। পুনর্নির্ধারিত সূচিতে আগামী ১ জুলাই সেই সিরিজের শেষ টেস্টটি খেলতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। হেডিংলিতে কাল নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে রোহিত শর্মার দলের প্রতি একটি বার্তা দেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস—নিউজিল্যান্ডের বিপক্ষে যে মানসিকতা নিয়ে খেলেছে ইংল্যান্ড, ঠিক একই মানসিকতা থাকবে ভারতের বিপক্ষেও।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি না দেখে থাকলে, কেমন মানসিকতা—সে প্রশ্ন জাগতে পারে মনে। তাই জানিয়ে রাখা ভালো, লর্ডসে প্রথম টেস্টে ২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রুটের তুলে নেওয়া শতক ছিল সত্তর স্ট্রাইক রেটের কাছাকাছি। এই রান তুলে ম্যাচ জিততে তাই ইংল্যান্ডকে খেলতে হয়েছে মাত্র ৭৮.৫ ওভার (৩.৫৩ রানরেট)।

আরও পড়ুন
সিরিজ জয়ের পর জনি বেয়ারস্টোকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থ স্টুয়ার্ট ব্রড
ছবি: রয়টার্স

ট্রেন্ট ব্রিজে পরের টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে রুটের শতকে স্ট্রাইক রেট ছিল ৮৩.৪১। স্টোকসের ৪৬ রানে স্ট্রাইক রেট ১৩৯.৩৯। দলের সেরা দুই ক্রিকেটার সামনে থেকে দেখিয়ে দেন, এভাবেও টেস্ট খেলা সম্ভব। আর এই দেখিয়ে দেওয়ার কাজটা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে গিয়ে দারুণভাবে করেন জনি বেয়ারস্টো। ১৪৭ স্ট্রাইক রেটে তাঁর ১৩৬ রানের ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ে ইংল্যান্ড। সেখানে অধিনায়ক স্টোকসের ১০৭ স্ট্রাইক রেটে ৭৫ রানের ইনিংসটিও ছিল মহামূল্য।

এরপর হেডিংলিতে শেষ টেস্টে রুটের ৬৮.৮০ স্ট্রাইক রেটে ৮৬ রানের অপরাজিত ইনিংসটি যদি হয় দলের হাল ধরার পরিচায়ক, অন্য প্রান্তে তাহলে নিশ্চিতভাবেই ‘স্পিডবোট’ চালিয়েছেন বেয়ারস্টো—৪৪ বলে অপরাজিত ৭১। স্ট্রাইক রেট ১৬১.৩৬!

এজবাস্টন টেস্টে ভারতকে এই আক্রমণাত্মক ব্যাটিংয়েরই মুখোমুখি হতে হবে। স্টোকস সে কথাটা আগেই বলে রাখতে দ্বিধা করেননি, ‘বিশ্বাস করুন, প্রতিপক্ষ আলাদা হলেও আমরা একই মানসিকতা নিয়েই মাঠে নামব।’ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া সিরিজ দিয়ে টেস্ট আঙিনায় অভিষেক ঘটে অধিনায়ক স্টোকসের।

আরও পড়ুন
বেন স্টোকসের নেতৃত্বে দারুণ ছন্দে আছে ইংল্যান্ড
ফাইল ছবি

সিরিজ শুরুর আগে সতীর্থদের স্পষ্ট করে কিছু বার্তা দিয়েছিলেন ইংল্যান্ডের এই প্রিমিয়ার অলরাউন্ডার। জানালেন সেসব কথা, ‘দায়িত্ব নেওয়ার পর শুধু ফলটাই আমার কাছে গুরুত্ব পায়নি। টেস্ট ক্রিকেট নিয়ে মানসিকতা পাল্টানো, উপভোগ করা এবং সব সময় মনে রাখা দেশের প্রতিনিধিত্ব করছি—এসব বিষয়কে গুরুত্ব দিয়েছি। ফল আপনাই আসবে। তবে এই কাজটা খুব দ্রুততার সঙ্গে করতে পারাটা অবিশ্বাস্য ব্যাপার।’

ইংল্যান্ডের এই আক্রমণাত্মক খেলার প্রশংসা করেছেন সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান। ভারতের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন তিনি। সনি স্পোর্টসকে বলেছেন, ‘ইংল্যান্ড খুব ভালো অবস্থানে আছে। আমি বলব নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড এই ম্যাচে (ভারতের বিপক্ষে) খানিকটা এগিয়ে আছে।’

আরও পড়ুন