ভারতের বিপক্ষেও দক্ষিণ আফ্রিকার দুর্গতি

ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ হারা দক্ষিণ আফ্রিকা আজ ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচেও বিপদে। এরই মধ্যে ব্যাটিং বিপর্যয়ে তারা।
২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের প্রথম ম্যাচ, দক্ষিণ আফ্রিকার তৃতীয়। তবে তৃতীয় ম্যাচে এসেও দুর্গতি কাটেনি প্রোটিয়াদের। সাউদাম্পটনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ধুঁকছে তারা। যশপ্রীত বুমরা আর যুজবেন্দ্র চাহালের বোলিংয়ে ২৫ ওভার শেষে ১০৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা।
শুরু থেকেই ভারতীয় বোলিংয়ের কোনো উত্তর নেই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের কাছে। কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি,ফন ডার ডুসেনরা যেন নিজেদের হারিয়ে খুঁজছেন। ভূবনেশ্বর, বুমরাদের সুইং আর চাহাল, কুলদীপদের ঘূর্ণি যেন চারদিক দিয়ে ছোবল মারছে তাদের। ব্যাট হাতে বুক চিতিয়ে কিছুটা লড়েছিলেন অধিনায়ক ডু প্লেসি। কিন্তু তিনি ৩৮ রানের বেশি করতে পারেননি। ফরোয়ার্ড খেলতে গিয়ে ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে পরাভূত হয়ে বোল্ড ডু প্লেসি। ডুসেনের পরিণতিও সেই চাহালই। তিনি নিজের উইকেট দিয়েছেন খুব বাজে সময়ে রিভার্স সুইপ করতে গিয়ে। বোল্ড হয়েছেন তিনিও। আউট হওয়ার আগে ২২ রান করেছিলেন ডুসেন।
শুরুর শিকার আমলা। বুমরার অফ স্টাম্পের বাইরে গুড লেংথের বলটি জায়গায় দাঁড়িয়ে খেলেছিলেন। অতিরিক্ত বাউন্সটা বোঝেননি। ব্যাটের কানায় লেগে সোজা স্লিপে থাকা রোহিত শর্মার হাতে চলে যায় বল। কুইন্টন ডি ককও বুমরারই অফ স্টাম্পের বাইরে একটি বল খেলতে গিয়ে সেই স্লিপেই ধরা পড়েন। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া শেষ উইকেটটি জেপি ডুমিনির। তিনি শিকার কুলদীপ যাদবের। বাতাসে কিছুটা জোরের ওর ছাড়া বলটি সোজা গিয়ে আঘাত করে ডুমিনির প্যাডে। এলবিডব্লু। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে উদ্ধারে নেমেছেন ডেভিড মিলার আর আন্দিলে ফিকোয়াও। মিলার ১৪ রানে অপরাজিত। ফিকোয়াও করেছেন ৭।