ভারতের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ মানছেন না ওয়াসিম–ওয়াকার
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ‘কিনে নিয়েছিল’ ভারত! এমন ষড়যন্ত্র তত্ত্ব ম্যাচের পর থেকেই চাউর। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অতি ভারতবিরোধী’দের এমন অভিযোগকে পাত্তা দেওয়ার কিছু নেই বলছিলেন যাঁরা, তাঁরাও নিশ্চয়ই অবাক পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনোয়ারির মন্তব্যে। তিনি রাখঢাক না রেখেই বলেছেন এ ম্যাচটি নাকি পয়সা খরচ করে কিনেছে ভারত। নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করতেই বিসিসিআই কাজটা করেছে।
এসব ষড়যন্ত্র তত্ত্বের বিরুদ্ধে এবার এককাট্টা পাকিস্তানের দুই সাবেক গ্রেট ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস। তাঁরা দুজনই এমন অবান্তর ও অযৌক্তিক অভিযোগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
যৌক্তিক মন্তব্যের জন্য সুখ্যাতি আছে ওয়াসিম আকরামের। তবে ওয়াকার কিছুদিন আগে (ভারতের বিপক্ষে ম্যাচের দিন) মাঠেই মোহাম্মদ রিজওয়ানের নামাজ পড়া নিয় একটা মন্তব্য করেছিলেন। যেটি সনাতন ধর্মাবলম্বীদের আহত করেছিল। মন্তব্যটি নিয়ে তীব্র সমালোচনা হওয়ার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক নিজের মন্তব্যটি প্রত্যাহার করে নেন। তবে আফগানিস্তান-ভারত ম্যাচের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে অবশ্য ভারতের পাশেই দাঁড়িয়েছেন ওয়াকার। তিনি মনে করেন, এ ধরনের বিষয় নিয়ে আলোচনারই কিছু নেই, ‘এসব অভিযোগের পেছনে কোনো যুক্তি নেই। এসব এতটাই বাজে বিষয় যে আলোচনা করাই উচিত নয়।’
আকরামের মতে, ‘ভারত কোন দুঃখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পাতাতে যাবে! তারা অন্যতম সেরা দল। যেকোনো ভালো দলেরই বাজে দিন আসতে পারে। ভারতের না হয় দুটি ম্যাচ খারাপ গেছে। তারা আফগানিস্তানকে কেন ম্যাচ পাতিয়ে হারাবে! আমি জানি না এসব ষড়যন্ত্র তত্ত্ব কোন রুচির মানুষজন আবিষ্কার করে!’