ভারতের বিশ্বকাপ দলে অক্ষর-বিনি চমক

চোটাক্রান্ত রবীন্দ্র জাদেজার সঙ্গে তরুণ মুখ স্টুয়ার্ট বিনি ও অক্ষর প্যাটেলকে বিশ্বকাপ দলে রেখে খানিকটা চমক দিলেন ভারতীয় দলের নির্বাচকেরা। মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক ও বিরাট কোহলিকে সহ-অধিনায়ক রেখে আজ বিশ্বকাপের দল দিয়েছে ভারত।
২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা যুবরাজ সিং রঞ্জি ট্রফিতে টানা তিন সেঞ্চুরি করলেন গত মাসেই। তবুও মন গলল না টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকদের! যুবরাজ অবশ্য ৩০ জনের প্রাথমিক দলেও ছিলেন না। অন্যদিকে রবিন উথাপ্পা এবং মুরালি বিজয়ও উপেক্ষিত রয়ে গেলেন বিশ্বকাপ দলে।
চোটের কারণে ইশান্ত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে না থাকলেও আছেন বিশ্বকাপ দলে। তাঁর সঙ্গে ভারতের পেস আক্রমণে থাকবেন উমেশ যাদব, ভুবেনশ্বর কুমার ও মোহাম্মদ সামি। স্পিন বিভাগের নেতৃত্বে রবিচন্দন অশ্বিন। ভারতের মূল শক্তি ব্যাটিং। এ বিভাগের প্রায় সবাই পরিচিত মুখ, অনেক দিন ধরেই নিয়মিত খেলছেন দলে। শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, কোহলি, ধোনি, আমবাতি রাইডু ও সুরেশ রায়না থাকবেন প্রতিপক্ষের বোলারদের পরীক্ষা নিতে। রাইডু থাকবেন বদলি উইকেটরক্ষক হিসেবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।
ভারতের বিশ্বকাপ দল:
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, আমবাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি, মোহাম্মাদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার।