ভারতের বিশ্বকাপ দলে বিনি-প্যাটেল
অলরাউন্ডার স্টুয়ার্ট বিনির পাশাপাশি স্পিনার অক্ষর প্যাটেল। এ ছাড়া খুব বড় কোনো চমক নেই। বরং বিশ্বকাপের দল ঘোষণা করতে গিয়ে নিরাপদ পথেই হেঁটেছেন ভারতের নির্বাচকেরা। আছেন প্রায় সব নিয়মিত ও চেনামুখই। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডেপুটি হিসেবে যথারীতি দায়িত্ব পেয়েছেন বিরাট কোহলি। চোট থাকা সত্ত্বেও দলে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
দল নির্বাচনী বৈঠকে যুবরাজ সিংকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি গত বিশ্বকাপের সেরা ক্রিকেটারের। যুবরাজ অবশ্য ৩০ জনের প্রাথমিক দলেও ছিলেন না। তবে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা যুবরাজের পাশাপাশি প্রাথমিক দলে না থাকা আরও কয়েক জনকে দল নির্বাচনী বৈঠকে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল৷ ক্রিকইনফো।
বিশ্বকাপের ভারত দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও স্টুয়ার্ট বিনি।