ভারতের বিশ্বকাপ দলে যুবরাজ ?

২০১১ বিশ্বকাপ-সেরা যুবরাজ সিংকে কিনা এবার দলের খেলা দেখতে হবে দূর থেকে! বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার অাগে রঞ্জি ট্রফিতে টানা তিন সেঞ্চুরি করেও মন গলাতে পারেননি নির্বাচকদের। যুবরাজ রীতিমতো হতাশই হয়ে পড়েছেন। তবে ছোট্ট একটা আশা উঁকি দিচ্ছে যুবির জন্য।
ভারতের বিশ্বকাপ দল এখন চোট-জর্জর। চোটাক্রান্ত রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার। ৭ ফেব্রুয়ারি তাঁদের ফিটনেস পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষা উতরে যাঁরা যেতে পারবেন না, স্বাভাবিকভাবেই বিকল্প উপায় খুঁজবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে সম্ভাবনার দুয়ার খুলতে পারে যুবরাজের। জাদেজা যদি ফিটনেস পরীক্ষায় উতরে যেতে না পারেন, যুবিকে ভাবা হতে পারে তাঁর বিকল্প হিসেবে।
তবে সবই কেবল সম্ভাবনা। নির্বাচকেরা অাদৌ যুবরাজকে বিবেচনায় রাখছেন কি না, সেটি জানতে অপেক্ষা করতে হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল সমর্থন পাচ্ছেন যুবি। আপাতত ভক্তদের ভালোবাসাই যুবরাজের সান্ত্বনা। তথ্যসূত্র: জিনিউজ।