বিশ্বকাপটা নিজেদের মাটিতে আয়োজনের চেষ্টা ভারত কম করেনি। কিন্তু করোনা পরিস্থিতি সে চেষ্টায় ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সফল হতে দিল না। ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপটা তাই চলে গেল সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যু বদলে গেলেও আয়োজনের স্বত্ব বদলায়নি! আমিরাতের মাঠে আয়োজিত বিশ্বকাপের আয়োজক ভারতই থাকছে!
কিন্তু ভেন্যু বদলে যাওয়াতে ভারতের চেয়েও লাভটা কি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরই বেশি হতে যাচ্ছে? পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের কথা শুনে ভারতীয়দের হয়তো তেমনই মনে হবে। বিশ্বকাপটার আয়োজক ভারত, আর সেই বিশ্বকাপকে কিনা পাকিস্তানেরই মনে হচ্ছে ‘ঘরের মাটি’তে বিশ্বকাপ খেলার মতো! বাবর তো তা-ই বললেন।
‘আইসিসির ছেলেদের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপটা পাকিস্তানের জন্য ঘরের মাটির কোনো টুর্নামেন্টের মতোই, কারণ সংযুক্ত আরব আমিরাত এক দশকের বেশি সময় আমাদের মাঠ ছিল। সংযুক্ত আরব আমিরাতের মাঠগুলোতে খেলে শুধুই যে আমাদের দারুণ কিছু প্রতিভা উঠেছে, আমাদের দলটা গড়ে উঠেছে, তা-ই নয়, আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার ক্ষেত্রে এই কন্ডিশনেই আমরা নিজেদের সেরা খেলাটা খেলেছি’, আইসিসিতে সাক্ষাৎকারে বলেছেন বাবর।
পাকিস্তানের ক্রিকেটের এ সময়ের সবচেয়ে পরিচিত মুখ বাবর ভুল কিছু বলেননি। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে প্রায় ১০ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যায়নি তেমন কোনো দল। গত দুই বছরে অবশ্য বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো কিছু দল গেছে পাকিস্তানে, খেলেছে দ্বিপক্ষীয় টুর্নামেন্ট। পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলের ম্যাচগুলোও এখন পাকিস্তানে হয়, আগে হতো আমিরাতে।
সেই আমিরাতেই এবার বাবরের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। গ্রুপে এই দুই দলের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড, আফগানিস্তান আর রাউন্ড ওয়ানের বাছাইপর্ব থেকে উঠে আসা দুই দল।
অক্টোবরে বিশ্বকাপের আগে হাতে এখনো অনেক সময়, নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা আজমদের।
অক্টোবরে বিশ্বকাপের আগে হাতে এখনো অনেক সময়, নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা আজমদের।
তবে এত সব প্রস্তুতি তো বিশ্বকাপকেই মাথায় রেখে, বাবরও তাই বললেন, ‘আইসিসির ছেলেদের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা আসলে আমাদের এই পরম প্রতীক্ষিত বৈশ্বিক টুর্নামেন্টের আরেক ধাপ কাছে নিয়ে এসেছে। মাঝের এই সময়টাতে নিজেদের মাটিতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে প্রস্তুত হব আমরা। আর এই সিরিজ দুটি শুধু দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও দলের সর্বশেষ অবস্থা কী দাঁড়ায়, সেটি দেখার জন্যই নয়, যত বেশি সম্ভব ম্যাচও জেতা, যাতে জয়ের ছন্দ ও অনুভূতি ধরে রেখে সংযুক্ত আরব আমিরাত যেতে পারি।’
বিশ্বকাপ দিয়েই টি-টোয়েন্টিতে অন্তত নিজেদের নামটা ছড়িয়ে দিতে চান বাবর। আইসিসির সাক্ষাৎকারে পাকিস্তানের অধিনায়কের স্বপ্নের উচ্চারণ হলো এভাবে, ‘খেলোয়াড়েরা সবাই রোমাঞ্চিত, অনুপ্রাণিত, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায়। আমাদের জন্য সুবিধাজনক কন্ডিশনে এই টুর্নামেন্টকে সবাই নিজেদের দক্ষতা দেখানোর এবং খেলাটার সবচেয়ে ছোট সংস্করণে আমাদের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনার সুযোগ হিসেবেই দেখছে সবাই।’
তাঁর নিজেরও কিছু স্বপ্ন আছে বিশ্বকাপকে ঘিরে। স্বপ্নটা ব্যাটসম্যান বাবর আজমের চেয়েও অধিনায়ক বাবর আজমেরও বেশি। স্বপ্নটা পাকিস্তানকে এশিয়ার মাটিতে আইসিসির কোনো শিরোপা জেতানোর।
এখন পর্যন্ত আইসিসির শিরোপা বলতে পাকিস্তান জিতেছে ১৯৯২ বিশ্বকাপ, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি, তিনটিই হয়েছে এশিয়ার বাইরে। ইমরান খানের অধিনায়কত্বের শ্রেষ্ঠত্ব দেখা ’৯২ বিশ্বকাপের আয়োজক ছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ২০০৯ সালে শহীদ আফ্রিদি, উমর গুলরা পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ইংল্যান্ডের মাটিতে। মোহাম্মদ আমিরের চোখধাঁধানো স্পেলে কোহলি-রোহিতদের বিবশ করে রেখে ভারতকে হারিয়ে পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ও ইংল্যান্ডের মাটিতেই।
এবার এশিয়ার মাটিতে কিছু জেতায় চোখ বাবরের, ‘ব্যক্তিগত দিক থেকে বললে আইসিসির কোনো বড় টুর্নামেন্টে এই প্রথম পাকিস্তানের অধিনায়ক হিসেবে যাচ্ছি। (পাকিস্তানের জার্সিতে) ২০১৭ সালে আমি সাফল্যের স্বাদ পেয়েছি, ২০১৯ বিশ্বকাপে পেয়েছি হতাশা। সেবার পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে আমরা সেমিফাইনালে উঠতে পারিনি, যদিও শেষ পর্যন্ত ফাইনালে ওঠা দুই দলকেই লিগ পর্বে হারিয়েছি। নিজের পারফরম্যান্স দিয়ে দলকে অনুপ্রাণিত করে যাওয়ার চেষ্টাটা আমার সব সময়ই থাকবে, চেষ্টা থাকবে যাতে আমরা এশিয়াতে আইসিসির কোনো বড় টুর্নামেন্ট জেতা পাকিস্তানের প্রথম দল হতে পারি।’