ভারতের বৈরি পরিবেশকে জয় করার আহবান ওয়াকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকার ইউনুস
ওয়াকার ইউনুস

ভারতের মাটিতে পাকিস্তানকে যে জায়গায় জায়গায় ফুলেল সম্ভাষণ জানানো হবে না—এটা জানেন ওয়াকার ইউনুস। পাকিস্তানের কোচ নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকেই নিশ্চিত, ভারতের মাঠে পাকিস্তানকে বৈরী পরিবেশেরই মুখোমুখি হতে হবে। সেই অভিজ্ঞতাই তাঁকে শিখিয়েছে, ভারতের মাটিতে সাফল্য পেতে এই বৈরী পরিবেশকেই জয় করতে হবে পাকিস্তান দলকে।

শুক্রবার বিকেলেই নিশ্চিত হয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ-যাত্রা। অনেক জল্পনা-কল্পনা, শঙ্কা আর বিতর্ককে পেছনে ফেলে শনিবারই কলকাতায় পা রাখার কথা আফ্রিদি-হাফিজদের। দল নিয়ে ভারতে যেতে পারায় বেজায় খুশি ওয়াকার মনে করেন, এর চেয়ে অনেক বাজে রাজনৈতিক পরিস্থিতিতে ভারত সফর করে সফল হয়েছে পাকিস্তান, ‘ভারতের মাটিতে পাকিস্তানকে বৈরী পরিবেশের মুখোমুখি হতেই হবে। এর চেয়ে অনেক বাজে রাজনৈতিক পরিস্থিতিতেও আমরা ভারতে গিয়ে সফল হয়েছি। ১৯৯৯ সালের কথাই ধরুন, সেবার পাকিস্তান দলের বিরুদ্ধে উগ্র সংগঠনের হুমকি ছিল। সেই হুমকির মধ্যেই সফরে আমরা তিন টেস্টের দুটোতেই জিতেছিলাম। ভারতে আমাদের পা রাখতে হবে উদার ও ইতিবাচক মন-মানসিকতা নিয়েই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৬ মার্চ। প্রথম পর্বের এই পর্যায়ে এসে এটা বলে দেওয়া যায় কলকাতায় সেই ম্যাচে প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা বাংলাদেশেরই বেশি। তিন দিন পরেই একই মাঠে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। সদ্য সমাপ্ত এশিয়া কাপে এই দুটো দলের কাছেই হারের স্বাদ নিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। এশিয়া কাপই কেবল নয়, পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা আশাবাদী হওয়ার মতো নয়। ওয়াকারও জানেন এই অবস্থায় ভালো ক্রিকেট খেলার বিকল্প নেই পাকিস্তান দলের সামনে, ‘আমি জানি সাম্প্রতিককালে আমরা খুব ভালো খেলছি না। টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন। দুটো গ্রুপই সমান শক্তিশালী। এখানে ভালো করতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’ সূত্র: এএফপি।