ভারতের বোলিং সবার সেরা, স্বীকার করলেন রমিজ রাজা

কাল লর্ডসে শেষ বেলার নায়ক মোহাম্মদ সিরাজছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল অবিশ্বাস্য কিছুই দেখা গেল লর্ডসে। পঞ্চম দিনের প্রথম সেশন শেষে ইনিংস ঘোষণা করেও টেস্ট জিতেছে ভারত। এর আগে প্রতিপক্ষের মাঠে এমন কিছু শুধু নিউজিল্যান্ডই করতে পেরেছিল। সেটি ক্যান্ডির স্পিন-বান্ধব উইকেটে।

রমিজ রাজার চোখে ভারতের বোলিং আক্রমণই এখন সেরা
ফাইল ছবি

লর্ডসে কাল পঞ্চম দিনেও স্পিন নয়, পেস দিয়েই ম্যাচ জিতেছে ভারত। ভারতের চার পেসার যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি এবং শেষ বেলার নায়ক মোহাম্মদ সিরাজ দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন সবাইকে। সে দলে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। উচ্ছ্বসিত রমিজের চোখে বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা বোলিং আক্রমণ ভারতেরই।

টেস্ট প্রতিপক্ষের সব উইকেট ভারতের পেসারদের নেওয়ার কীর্তি এর আগে ছিল মাত্র একবার। ২০১৮ সালে জোহানেসবার্গের সে ঘটনা এখন থেকে হয়তো নিয়মিতই দেখা যাবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ট্রেন্টব্রিজেই দ্বিতীয়বারের মতো ম্যাচের ২০ উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসাররা। লর্ডসে অবশ্য সেটা হয়নি।

ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতের হয়ে সেরা বোলিং সিরাজের
ছবি: রয়টার্স

লর্ডসের প্রথম ইনিংসে ইংল্যান্ডের মার্ক উড রানআউট হয়েছেন। বাদবাকি ১৯ উইকেটই ভাগ করে নিয়েছেন চার পেসার। এর মধ্যে মোহাম্মদ সিরাজ দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ইংল্যান্ডের মাটিতে ভারতের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন।

বিদেশের মাটিতে ভারতীয় পেসারদের এমন ম্যাচ জেতানো পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াতেও দেখা গেছে গত দুই বছরে। রমিজ রাজা তাই মেনেই নিয়েছে বর্তমানে, অন্তত টেস্টে ভারতের ধারেকাছে কোনো বোলিং আক্রমণ নেই।

কোহলির ‘আগ্রাসি’ অধিনায়কত্ব দারুণ লেগেছে রমিজ রাজার
ছবি: রয়টার্স

ভারতের জন্য প্রশংসায় কোনো কার্পণ্য করেননি রমিজ, ‘বর্তমানে টেস্টে ভারতের বোলিং আক্রমণই সেরা। এক সময় স্পিন বোলিং দিয়ে দাপট দেখাত ভারত, কিন্তু সে সব দিন আর নেই। শামি ব্যাট হাতে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছে। বিরাট কোহলির মতোই ক্ষুধা দেখিয়েছে মোহাম্মদ সিরাজ। ও বল হাতে পেলেই, খেলা বদলে দিয়েছে। ক্যারিয়ারের শুরুতেই টেস্ট ক্রিকেটে ভালো নাম করে ফেলেছে সিরাজ।’

লর্ডস টেস্টে ১৯ উইকেট নিয়েছেন ভারতীয় পেসাররা
ছবি: রয়টার্স

এমন বোলিং আক্রমণ কাজে লাগাতে পারার জন্য বিরাট কোহলিকেই কৃতিত্ব দিচ্ছেন রমিজ। তাঁর চোখে এমন আক্রমণাত্মক অধিনায়কত্বই মাত্র দুই সেশনের মধ্যে জয় এনে দিয়েছে, ‘ভারতীয় দল এখন পুরোপুরি ভিন্ন একটা দল। এ জয় পুরোপুরি কোহলির। চতুর্থ ইনিংস শুরু হওয়ার আগে সবাইকে জড়ো করে কথা বলাটা খুব ইতিবাচক ছিল। ওরা দুই সেশনের মধ্যেই ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছে।’

কাল মাত্র ৬০ ওভার কাটিয়ে দিলেই ম্যাচ ড্র করতে পারত ইংল্যান্ড। কিন্তু ৫২ ওভারের মধ্যে গুটিয়ে গিয়ে ১৫১ রানে হেরেছে স্বাগতিক দল। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। আগামী ২৫ আগস্ট হেডিংলিতে শুরু হবে সিরিজের তৃতীয় ম্যাচ।