ভারতের ব্যর্থতায় অবাক হননি বেইলি

ওয়ানডেতে ভারত বরাবরই সমীহ জাগানো নাম। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ভারতের পারফরম্যান্স অনুজ্জ্বল। চার ম্যাচেই জয়হীন। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে হেরে মহেন্দ্র সিং ধোনিরা বিদায় নিয়েছেন ত্রিদেশীয় সিরিজ থেকে। তবে ভারতের এ ব্যর্থতায় মোটেও অবাক হননি জর্জ বেইলি।
যদিও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারত তিন মাস ধরে অস্ট্রেলিয়ায়। অন্যদিকে, ইংল্যান্ড কম সময়ের মধ্যেও সাফল্য পেয়েছে ভারতের চেয়ে বেশি। তবুও ধোনির দলের ব্যর্থতায় অবাক হননি বেইলি! অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কের জবাব, ‘সত্যি না। কারণ, টেস্টে মনোযোগ দিতে ভারত অনেক সময় ব্যয় করেছে। সেখানে ইংলিশরা ওয়ানডেতে মনোযোগ দিয়েছে অনেক সময় নিয়ে।’
তবে বিশ্বকাপে পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা—এমনটাই ধারণা বেইলির, ‘ভারত জানে, বিশ্বকাপের আগে আরও দুসপ্তাহ পাবে। এ সময়ে নিজেদের প্রস্তুতি সারবে তারা।’ তথ্যসূত্র: পিটিআই।