ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ব্যাটিং। পাকিস্তানের বোলিং। ক্রিকেট ময়দানে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই যেন ভারতের ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের বোলিংয়ের তুলনা। আরও সূক্ষ্মভাবে বললে তুলনাটা টানতে হয় পাকিস্তানের পেস বোলারদের সঙ্গে ভারতের চিরায়ত ব্যাটিং শক্তির। চিরশত্রু দুই দেশের ক্রিকেট সম্পর্কের শুরু থেকেই চলে আসছে এই লড়াইটা।
আজ আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচের আগে আবারও তুলনাটা উঠল। কাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের দুই প্রতিনিধির কথার সারাংশই ছিল ভারতের ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের বোলিংয়ের তুলনা।
সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে এসেছিলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ ইনিংসের মালিকের মুখে পাকিস্তানের পেস বোলিংয়ের প্রশংসা, ‘কোনো সন্দেহ নেই, ওদের বোলিং আক্রমণ দুর্দান্ত। প্রত্যেকে দলেরই বিশেষত্ব আছে। ওদের বেশ কজন ভালো বাঁহাতি পেসার আছে। তবে আমাদের বোলিংও কার্যকরী। বৈচিত্র্যময়তায় আমাদের বোলাররাই এগিয়ে।’
পাকিস্তানের বোলিং আক্রমণ কীভাবে সামলাবেন তার প্রতিষেধকটাও অবশ্য বাতলে দিয়েছেন রোহিত, ‘আমাদের মনোযোগ দিতে হবে আমাদের শক্তির দিকেই, প্রস্তুতি নিতে হবে ওই হিসেবেই। আমাদের শক্তি ব্যাটিং।’
পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদির কথাতেও প্রতিধ্বনি রোহিতের, ‘আমাদের ফাস্ট বোলাররা দারুণ ছন্দে আছে। আমির, ওয়াহাব, ইরফান প্রত্যেকেই ভালো করছে। তবে ভারতের ব্যাটিং খুব শক্তিশালী। ওরা চেষ্টা করবে বড় স্কোর গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে। আমাদের বোলাররা চেষ্টা করবে ওদের থামাতে।’
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে দুই দলের ক্রিকেট ইতিহাস বিশ্লেষণ করলে পাকিস্তানের পেসাররা অনেকটাই এগিয়ে ভারতের পেস আক্রমণের চেয়ে। পাকিস্তানি পেসাররা যেখানে ভারতের বিপক্ষে প্রতি ৩২.২৯ গড়ে একটি উইকেট নিয়েছে, সেখানে উইকেটপ্রতি ভারতীয় বোলারদের খরচ ৩৫.২০ রান। স্পিনারদের হিসেবেও কিছুটা এগিয়ে পাকিস্তান। ভারতের বিপক্ষে পাকিস্তানের স্পিনারদের গড় ৩৮.১১, ভারতের স্পিনারদের গড় ৩৮.২২।
তবে খেলাটা যখন টি-টোয়েন্টি তখন কিন্তু ভারতের ব্যাটসম্যান ও পাকিস্তানের বোলারদের লড়াইটা একপেশেই হয়ে যায়। পেস-স্পিন দুই বিভাগেই যে অনেক এগিয়ে ভারতীয়রা। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। এই ছয় ম্যাচে ভারতীয় পেসাররা ১৮.৫০ গড়ে নিয়েছেন ৩০ উইকেট, পাকিস্তানি পেসাররা ২১ উইকেট নিতে উইকেটপিছু খরচ করেছেন ২৩.২৩ রান। স্পিনেও ভারতীয়রা যোজন ব্যবধানে এগিয়ে (ভারত ২৯.৮০ ও পাকিস্তান ৪৮.১২)।
গত এক বছরে টি-টোয়েন্টিতে দুই দলের বোলারদের পারফরম্যান্সেও ভারত এগিয়ে। গত এক বছরে ১১ ম্যাচে ভারতীয় পেসাররা ২৪.৮৭ গড়ে নিয়েছেন ৩১ উইকেট, পাকিস্তানিরা ৪৩ উইকেট নিয়েছেন ৩০.৬২ গড়ে। স্পিনে পার্থক্যটা প্রায় ১২ রানের।
টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানরা কতটা শক্তিশালী তাঁর প্রমাণ দেবে আরেকটি পরিসংখ্যান। টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটসম্যানদের বিপক্ষে সব দেশের পেসারদের গড় ৩০.৭৮, স্পিনারদের গড় ৩০.৯৩। দুই বিভাগেই আর কোনো দেশের বিপক্ষে উইকেট পেতে এত বেশি রান খরচ করতে হয়নি বোলারদের।
তবে পরিসংখ্যান যা-ই বলুক না কেন ভারত-পাকিস্তান দ্বৈরথ অন্য রকম। এখানে স্নায়ুচাপ সামলে যারা ভালো খেলবে জয়মাল্য উঠবে তাদের গলাতেই।