ভারতের ব্যাটিং বনাম শ্রীলঙ্কার স্পিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও শ্রীলঙ্কা কাল একই সময়ে পাশাপাশি অনুশীলন করল বিসিবি একাডেমি মাঠে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি দুটি দল।
পরিসংখ্যান ও সাম্প্রতিক সাফল্য ভারতকেই এগিয়ে রাখে। যুব ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দলের ৩৭ বারের সাক্ষাতে ৩২ বারই জিতেছে ভারত। ফল দেখেনি একটি ম্যাচ। চার ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। যুব বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে ভারতের রেকর্ড আরও ভালো—৭ ম্যাচের ৬টিতেই জয়ী তারা। শ্রীলঙ্কার সান্ত্বনা শুধু ১৯৮৮ যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫০ রানের জয়।
পুরোনো রেকর্ড তো বটেই, সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতাতেও ভারতীয় যুবারা এগিয়ে। গত ডিসেম্বরে শ্রীলঙ্কায় হওয়া ত্রিদেশীয় সিরিজে ভারতের সঙ্গে তিন ম্যাচেই পরাজয়ের হতাশায় ডুবেছে লঙ্কানরা।
প্রতিপক্ষকে ভালোই চেনেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। ‘দ্য ওয়াল’ বলেছেন, ‘ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজে তাদের সঙ্গে খেলেছিলাম বলে জানি দলটা কেমন খেলতে পারে। দারুণ দুজন পেসার এবং একঝাঁক স্পিনার আছে। অনেক ওভার তারা স্পিনারদের দিয়ে করাতে পারে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই হবে এটি। তারা অসাধারণ দল। কিন্তু আমরাও দারুণ খেলছি।’
ভারত সেমিফাইনালে উঠেছে আইসিসির সহযোগী দেশ নামিবিয়াকে হারিয়ে। গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হারলেও শ্রীলঙ্কা সেখানে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ইংল্যান্ডকে। এটিই ভীষণ উদ্বুদ্ধ করছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক চারিত আসালঙ্কাকে, ‘এটা (কোয়ার্টার ফাইনালে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ভারতের না খেলা) আমাদের জন্য ভালো হয়েছে। ভারত খেলেছে নামিবিয়ার বিপক্ষে আর আমরা ইংল্যান্ডের সঙ্গে। দুটি দুই ধরনের দল। আমরা ভারতের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি।’
ঐতিহ্যগতভাবে ভারতের ব্যাটিংটা সব সময়ই শক্তিশালী। এই বিশ্বকাপেও উজ্জ্বল ভারতীয় ব্যাটসম্যানরা। কাল পর্যন্ত শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের দুজন ভারতীয়। বিশেষ করে ঋষভ পন্ত আর সরফরাজ খান নিজেদের চিনিয়েছেন অন্যভাবে। ওদিকে শ্রীলঙ্কার মূল শক্তি স্পিন। ফলে লড়াইটা যে হতে যাচ্ছে শ্রীলঙ্কার স্পিন আর ভারতের ব্যাটসম্যানদের মধ্যে, বলা বাহুল্য।
ভারতের সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দেওয়ার চ্যালেঞ্জটা নিচ্ছেন লঙ্কান অধিনায়ক, ‘তাদের ভালো ব্যাটসম্যান আছে। স্পিন তারা ভালো খেলে। আমাদের মূল শক্তিও স্পিন। আমরা স্পিন দিয়েই আক্রমণ করব।’