ভারতের ব্যাটিং যেন 'তাসের ঘর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হওয়ার পর কোহলি। তখনো ভারত অধিনায়ক বুঝতে পারেননি, কত বড় সর্বনাশ অপেক্ষা করছে সামনে। ছবি: এএফপি
আউট হওয়ার পর কোহলি। তখনো ভারত অধিনায়ক বুঝতে পারেননি, কত বড় সর্বনাশ অপেক্ষা করছে সামনে। ছবি: এএফপি

অকল্পনীয় এক ব্যাটিং বিপর্যয়ই শেষ করে দিয়েছে ভারতের অ্যাডিলেড জয়ের স্বপ্ন। অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ৩৬৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে বিরাট কোহলিরা যখন লক্ষ্যে পেঁৗছানোর সব ভিত্তিই গড়ে ফেলেছেন, ঠিক তখনই অভাবনীয় মড়ক। ২ উইকেটে ২৪২ থেকে ৩১৫ রানেই শেষ ইনিংস। মাত্র ৭৩ রানেই শেষ ৮ উইকেট হারানোর গল্পটা এমন অসাধারণ লড়াইয়ের পরও নিদারুণ ব্যর্থতার গল্প হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটে।
শুরুতে দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেলার পর এই টেস্টে জয়ের প্রান্তেই নিয়ে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি আর মুরালি বিজয়। কিন্তু দলের বাকি আট ব্যাটসম্যানের চরম ব্যর্থতায় অনন্য এক জয়ের স্বাদ থেকে বঞ্চিত হলো ভারত। যে স্পিন খেলা নিয়ে ভারতীয়দের এত গর্ব, যে দলটি ঐতিহাসিকভাবেই স্পিন খেলার সুধাকর হিসেবে পরিচিত, সেই দলটাই কিনা কুপোকাত নিরীহদর্শন এক অস্ট্রেলীয় অফস্পিনারের ঘূর্ণিতে! মিচেল জনসন কিংবা পিটার সিডলের গতি নয়, ভারতকে ছত্রখান করে দিয়েছেন নাথান লায়ন।
অধিনায়ক কোহলি এই টেস্টে কত কিছুই না পেলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে অধিনায়কত্বের অভিষেকে শতরান পাওয়া ‘এলিট’ ভারতীয় ক্রিকেটারদের দলে নাম লেখালেন, দ্বিতীয় ইনিংসে আরও একটি সেঞ্চুরি করে দুই ইনিংসে সেঞ্চুরির অনন্য গৌরবের অধিকারী হলেন। নাম লেখালেন আরেক অভিজাত ক্লাবে, যে ক্লাবের সদস্য ভারতীয় কিংবদন্তি হাজারে, গাভাস্কার আর রাহুল দ্রাবিড়রা। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার-সেরা সংগ্রহ তাঁর পরিচিতিকে সমৃদ্ধ করলেও দিনশেষে সবকিছুই ‘শেষ’ করে দিল অন্যদের ব্যর্থতা আর দলের হার। তিনি নিজেও কিন্তু এই পরাজয়ের দায়ভার এড়াতে পারেন না। জয় থেকে ৬০ রান দূরে থাকতে লায়নকে উড়িয়ে মারতে গিয়ে কোহলির আউট হওয়ার মধ্য দিয়েই তো সর্বনাশের শুরু। ডিপ মিডউইকেটে যে ক্যাচটি দিলেন, সেটাই তো দপ করে নিভিয়ে দিল ভারতীয়দের আশার প্রদীপ। এমন দারুণ পারফরম্যান্সের পরও কোহলিকে তাই দাঁড়াতেই হচ্ছে ‘অপরাধী’র কাঠগড়ায়।
অবশ্য ভাগ্যটাও ভারতের বিপক্ষে গেছে। অজিঙ্কা রাহানে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের বলি। শর্ট লেগে তাঁর ক্যাচটিতে ‘ইনসাইড এজ’ মনে করে অাঙুল তুলে দেওয়া আম্পায়ার পরে রিপ্লে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত বড় সর্বনাশ করেছেন ভারতের। রাহানে কিছুক্ষণ উইকেটে থাকতে পারলে ফলাফল অন্য রকম হতে পারত কি না, এ নিয়ে আক্ষেপ আর বিতর্কে মাতবে ভারত-সমর্থকেরা।
কিন্তু তার পরও ৭৩ রানে শেষ ৮ উইকেট হারানোর ব্যাপারটি কিন্তু চোখে লাগার মতোই। এ এমন এক বিপর্যয়, যা অনেক দিনই তাড়া করে বেড়াবে ভারতীয়দের। কে জানে, এই সিরিজের গতিপথও ঠিক করে দিল কি না সিরিজের প্রথম টেস্টের শেষ দিনটি! সূত্র: স্টার স্পোর্টস-১।