ভারতের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো রুট নিজেকে ক্রমেই নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। কাল ওভালে চতুর্থ টেস্ট সেঞ্চুরির পর ইংলিশ ব্যাটসম্যান ষ রয়টার্স
জো রুট নিজেকে ক্রমেই নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। কাল ওভালে চতুর্থ টেস্ট সেঞ্চুরির পর ইংলিশ ব্যাটসম্যান ষ রয়টার্স

সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অ্যালিস্টার কুক। ওভাল দাঁড়িয়ে আছে তাঁর দলের সম্মানে। করতালির শব্দে কান পাতা দায়। কুকের আকর্ণবিস্তৃত হাসি। অভিনন্দনের জবাবে মাথা ঝাঁকাচ্ছেন, হাত নাড়ছেন। দেখে কে বলবে এই সিরিজটা শুরুর আগে কী ভীষণ চাপে ছিলেন ইংলিশ অধিনায়ক।
ক্রিস জর্ডানের বলে ঈশান্ত শর্মা মঈন আলীর হাতে ক্যাচ তুলে দিতেই লাফিয়ে উঠলেন ইংলিশ ক্রিকেটাররা। সেই উচ্ছ্বাসের মাঝে হঠাৎ ক্যামেরা এক ঝলক ধরল ভারতের ড্রেসিংরুমকে। মহেন্দ্র সিং ধোনি বসে আছেন। হতাশ। টেস্টে আরেকটি লজ্জাজনক হার, হেরেছেন সিরিজও। বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়ক হওয়ার পথে আরেকটু এগিয়েছেন! কে জানে সেটা ভেবেও তিনি বিমর্ষ কি না!
প্রথম ইনিংসে তবু ধোনি নিজে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কাল সেটাও হলো না। একটা হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারলেন না কোনো ভারতীয় ব্যাটসম্যান। দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন মাত্র তিনজন, সর্বোচ্চ স্টুয়ার্ট বিনির ২৫! দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৯৪ রানে অলআউট হয়ে যাওয়া ভারতের ইনিংসের সারাংশ এটাই। ৪ উইকেট নিয়ে এবার ভারত-বধের মূল নায়ক ইংলিশ পেসার ক্রিস জর্ডান, তবে তাঁকে সঙ্গে দিয়েছেন বাকি তিনজন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। সুবাদে আরও একবার ইনিংসে হার, আরও একবার তিন দিনেই অসহায় আত্মসমর্পণ। ট্রেন্ট ব্রিজে ড্র আর লর্ডসে জিতে যে ভারত আশা জাগিয়েছিল দারুণ কিছু করার, তারাই শেষ পর্যন্ত সিরিজ হারল ৩-১ ব্যবধানে।
বল হাতে জর্ডান-অ্যান্ডারসনরা জ্বলে ওঠার আগে ব্যাট হাতে ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন জো রুট। ৯২ রানে দিন শুরু করা রুটের অপরাজিত ১৪৯ রানের ইনিংসেই শেষ পর্যন্ত ৪৮৬ রানের পাহাড়ে ওঠে ইংল্যান্ড। ব্যাট হাতে দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারটাও গেছে তাঁর হাতে। স্টার স্পোর্টস ১।