ভারতের ভয় গোলাপি বল আর গোধূলি
গোলাপি বল ক্রিকেটের অনেক প্রচলিত তত্ত্বই বদলে দিয়েছে। লাল বলের জীবনচক্র, এটি কখন সুইং করে, কখন করে না—এ বিষয়গুলো তো ক্রিকেটারদের জানাই। কিন্তু গোলাপি বল বোলার কিংবা ব্যাটসম্যানদের ভিন্ন কিছু ভাবতেই বাধ্য করেছে। দিনরাতের টেস্ট ম্যাচে খেলা শুরু হয় দুপুরে। সুতরাং এখানে ব্যাটসম্যান কিংবা বোলারদের প্রয়োগ-সামর্থ্যের বড় পরীক্ষাই হবে। আজ থেকে অ্যাডিলেডে শুরু হওয়া দিনরাতের টেস্ট ম্যাচে ভারতকে যে বিষয়টা ভাবাচ্ছে, সেটি হচ্ছে গোলাপি কুকাবুরা বল আর এর আগে মাত্র একটি দিনরাতের টেস্টের অভিজ্ঞতা।
গোলাপি বল ফ্লাডলাইটের আলোয় দুর্দান্ত সুইং করে। ব্যাপারটি ব্যাটসম্যানদের অবস্থা কঠিন করে দেওয়ার জন্য যথেষ্টই। তবে অস্ট্রেলিয়ার গ্রীষ্মে যেহেতু লম্বা দিন, তাই দ্বিতীয় সেশনের কিছু অংশ বোলারদের জন্য কিছুটা কঠিন হবে। ভারত যেহেতু আগে ব্যাটিং করছে, তাই এই সময়টাই হবে কোহলি-পূজারাদের জন্য সুযোগের সদ্ব্যবহার করার সময়। ভারতে আবার ব্যাপারটা উল্টো। বছরের এই সময়টা সূর্য খুব দ্রুতই অস্ত যায় সেখানে। তাই গোলাপি বলের সুইং গোধূলির সময়টায় ব্যাটসম্যানদের জীবন দুর্বিষহ করে দেওয়ার জন্য যথেষ্ট। গত বছর নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল দিনের ওই সময়টায় ব্যাটিং করা কতটা কঠিন। সুইংয়েই ঘায়েল হয়েছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।
ভারত গত বছর বাংলাদেশের বিপক্ষে যে গোলাপি বলের একমাত্র দিনরাতের টেস্টটি খেলেছিল, সেটি হয়েছিল এসজি বল দিয়ে। ওই বল উইকেটে পড়ে খুব দ্রুতগতিতে ব্যাটসম্যানের কাছে আসে না। কিন্তু আজ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, গ্রিনদের বল অনেক বেশি দ্রুতলয়ে ছুটে যাবে ভারতীয় ব্যাটসম্যানদের দিকে। কারণ, আজ যে কুকাবুরা বলে খেলা হচ্ছে। কুকাবুরা বল এসজি বলের চেয়ে ভিন্ন আচরণ করে বলেই মনে করেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, ‘আমি টেলিভিশনে যা দেখেছি, তাতে মনে হয় কুকাবুরা বল এসজি বলের চেয়ে কম সুইং করে। কিন্তু এই বল দ্রুত ব্যাটসম্যানের দিকে ধেয়ে আসে।’
কুকাবুরার মহাব্যবস্থাপক ডেভিড অরচার্ড অবশ্য মনে করেন পুরো ব্যাপারটাই নির্ভর করে বোলারদের সামর্থ্যের ওপর, ‘অনেকেই মনে করেন গোলাপি বলের রং উজ্জ্বল দেখাতে যে বিশেষ আবরণ ব্যবহার করা হয়, সেটির কারণে এটি সুইং বেশি করে। কিন্তু এটা নির্দিষ্টভাবে বলা খুব শক্ত। ফ্লাডলাইটের কন্ডিশন আর প্রাকৃতিক আলোর মধ্যে কিছু পার্থক্য তো আছেই। তবে আমার কাছে মনে হয় উইকেটের প্রস্তুতি, খেলার কন্ডিশন আর বোলারদের সামর্থ্যই আসলে মূল ব্যাপার।’
ভারতের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে লাল বলের সঙ্গে গোলাপি বলের একটা বড় পার্থক্য খুঁজে পেয়েছেন। তাঁর মতে, গোলাপি বল ৪০ থেকে ৫০ মিনিট পরপর চরিত্র বদলায়, ‘লাল বলের গতি-প্রকৃতি গোটা দিন মোটামুটি একই রকম থাকে। একবার ধাতস্থ হয়ে গেলে আর মনোযোগ থাকলে লাল বল খেলা সম্ভব কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। কিন্তু গোলাপি বল ৪০ থেকে ৫০ মিনিট পরপর সুইং করে, চরিত্র বদলায়। এটা উইকেটের দুই দিকে কিংবা বাতাসেও হয়। তাই এই বল খেলা ব্যাটসম্যানদের জন্য কিছুটা কঠিন।’
গোলাপি বল বাদ দিলে অস্ট্রেলিয়ার গোধূলিকেও ভয় ভারতের। কেন ভয়, সেটি একটা পরিসংখ্যান দিয়ে খুব ভালো করেই বুঝিয়ে দেওয়া যায়। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত সাতটি দিন রাতের টেস্টে সবচেয়ে বেশি উইকেট পড়ার সময় এই গোধূলিবেলা। পোস্ট-ডিনার সেশনে উইকেট পড়েছে ৮১টি। আর দ্বিতীয় সেশনে ৬৫টি। প্রতিটি টেস্টই জিতেছে অস্ট্রেলিয়া। গোলাপি কুকাবুরা বলের সুইংকে ভয় করার কারণ—প্রথম সেশনে উইকেট পড়ার পরিমাণ সবচেয়ে বেশি—৮৫টি।