ভারতের মিডিয়া আর সাবেকদের ধুয়ে দিলেন শোয়েব
অবশেষে ইতিহাস বদলাতে পেরেছে পাকিস্তান। বিরাট কোহলির ভারতকে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপে গুঁড়িয়ে দিয়েছে বাবর আজমের দল, হারিয়েছে ১০ উইকেটে। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের বিশ্বকাপ মিলিয়ে আগের ১২ ম্যাচে ভারতকে হারাতে না পারা পাকিস্তানের জন্য এ দিনটি ইতিহাসে রঙিন হয়ে থাকবে সব সময়।
কিন্তু ভারতের জন্য? অনেক যন্ত্রণার এ দিনটা ভারতের কেউ কেউ সহজভাবেই নিচ্ছেন, আবার কেউ কোহলি-রোহিতদের সমালোচনায় বাঁধ মানছেন না। ভারতের পেসার মোহাম্মদ শামিকে তো দেশের প্রতি আত্মনিবেদন নিয়েও খোঁটা শুনতে হয়েছে, ম্যাচের পর তাঁকে ‘পাকিস্তানি’ বলেছেন ভারতেরই অনেক সমর্থক।
তা সমর্থকদের আবেগে বাড়াবাড়িই যেখানে ভব্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, সেখানে ভারতের সংবাদমাধ্যম আর ভারতের অনেক সাবেক ক্রিকেটারও কেন এই হার নিয়ে অযথা রং চড়াচ্ছেন, সেটাই বুঝতে পারছেন না পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের চোখে, ভারতের সংবাদমাধ্যম তাদের দলের হারকে ঘিরে নেতিবাচক একটা আবহ তৈরি করে রেখেছে।
‘ভারতের সংবাদমাধ্যম এমনভাবে কেন সবকিছু তুলে ধরছে? দেখে মনে হচ্ছে যেন তাদের দল একটা ম্যাচে হারতেও পারবে না! এটা তো ক্রিকেটই। পাকিস্তান ভারতকে দাপটের সঙ্গেই হারিয়েছে, কিন্তু এমনটা তো পাকিস্তানের বিপক্ষেও হতে পারে। ক্রিকেটের সৌন্দর্যই তো এখানে’—নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন শোয়েব।
এক হারেই ভারতীয় দল বিশ্বকাপ জয়ের ফেবারিটের তালিকা থেকে ছিটকে পড়েনি শোয়েবের চোখে। ফাইনালেও আরেকটা ভারত-পাকিস্তান ম্যাচই চান ৪৬ বছর বয়সী সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার, ‘আমি এখনো মনে করি, ভারত ফাইনালে যেতে পারে। বিশ্বকাপের ফাইনালেও আরেকবার ভারত-পাকিস্তান লড়াই-ই দেখতে চাইব আমি। (পাকিস্তানের কাছে হারের পর ভারতের জন্য) পথটা কঠিন হবে, তবে এই কঠিন কাজটা সফলভাবে করে ফেলার মতো দল ওদের আছে।’
এরপর আবার ভারতের সংবাদমাধ্যমকে তুলোধুনো করায় মনোযোগ দিলেন শোয়েব। কোটি কোটি টাকা বিনিয়োগের ফল তুলে আনতে সংবাদমাধ্যম দলের হারকে রং চড়িয়ে মানুষের আবেগকে কাজে লাগাতে চায় বলে মনে হচ্ছে শোয়েবের।
তবে সংবাদমাধ্যমের পাশাপাশি ভারতের সাবেক ক্রিকেটারদেরও ধুয়ে দিয়েছেন শোয়েব, ‘সংবাদমাধ্যম কেন করে, সেটা আমি বুঝতে পারি। ওদের ব্যবসা এটা। কিন্তু (ভারতের) সাবেক ক্রিকেটাররা যাঁরা কিনা সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন, তাঁরা কীভাবে নিজেদেরই ক্রিকেট দলের হার নিয়ে বলতে গিয়ে এ রকম বাজে ভাষা ব্যবহার করেন, সেটা আমার মাথায় ঢোকে না। খুবই হতাশ লাগে এসব দেখে।’
ভারত ও পাকিস্তান প্রতিবেশী হলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক-কূটনৈতিক উত্তেজনার কথা তো কারও অজানা নয়! দুই দেশের সাধারণ মানুষকেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা–কাটাকাটিতে নেমে পড়তে দেখা যায়। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেও কাল ‘অনলাইন বচসা’ কম হয়নি! সেসব সম্পর্কে জানেন বলেই কিনা দুই দেশেরই মানুষের প্রতি শোয়েবের অনুরোধ ক্রিকেটকে মাঠেই রেখে মনে শান্তি রাখার।
আর পাকিস্তানের জন্য এই জয়টার মাহাত্ম্য কী, সেটাও নতুন করে বোঝালেন শোয়েব। ভারতকে বিশ্বকাপে প্রথমবার হারানোর দিনে শোয়েবের মনে পড়ছে পাকিস্তান ক্রিকেটের অন্ধকার দিনগুলোর কথা।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর অনেক বছর পাকিস্তানের মাটি আন্তর্জাতিক ক্রিকেট দেখেনি। এরপর যা-ও একটু দেখছিল, এর মধ্যে বিশ্বকাপের কদিন আগে পাকিস্তানের ক্রিকেট খেল জোড়া ধাক্কা। পাকিস্তান সফর থেকে নিরাপত্তাকে কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সরে গেল। এর তিন দিন পর ইংল্যান্ডও পাকিস্তান সফরে না যাওয়ার ঘোষণা দেয়।
সেসব প্রসঙ্গ টেনে এনে শোয়েব বললেন, ‘পাকিস্তানের জন্য ভারতের বিপক্ষে এই জয় অনেক গুরুত্বপূর্ণ। ভারত আমাদের শত্রু, ব্যাপারটা এমন নয়। কিন্তু পাকিস্তান অতীতে অনেক ভুগেছে। ২০০৯ সাল থেকে পাকিস্তানের ক্রিকেট ভুগছে। এরপর নিউজিল্যান্ড দলকে ঘিরে নাটক হলো। এই জয়টা তাই এ কারণে গুরুত্বপূর্ণ যে বাবর-শাহিনদের দেখে আমাদের বাচ্চারা এখন ওদের মতো হতে চাইবে। যেটা আমাদের জন্য সবচেয়ে বড় জয়।’