ভারতের মুখোমুখি 'কৃতজ্ঞ' শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই সুযোগটা পেয়ে গেল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সুযোগটা ভারতকে কৃতজ্ঞতা জানানোর। তামিল বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলার ভয়ে ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ওই সময়টায় শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছিল সহ-আয়োজক ভারত ও পাকিস্তান। জানিয়েছিল নৈতিক সমর্থন। সেই ঋণ শোধের সুযোগটা লঙ্কানরা পেয়ে গেল বেতন-ভাতা নিয়ে বিদ্রোহ করা ক্যারিবীয় ক্রিকেটারদের কারণে। সিরিজ শেষ না করেই ওয়েস্ট ইন্ডিজ দেশে ফেরার ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই এগিয়ে এল এসএলসি। জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাবে ভারতে এসে ওয়ানডে সিরিজ খেলতে রাজি তারা। সফর নিয়ে সংবাদমাধ্যমে পাঠানো এসএলসি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ১৯৯৬ সালে ভারত ও পাকিস্তানের সমর্থনের কথা।
তড়িঘড়ি করে আয়োজিত সেই ওয়ানডে সিরিজই মাঠে গড়াচ্ছে আজ। কটকের বরাবতি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ দিয়ে পর্দা উঠছে পাঁচ ম্যাচের এই সিরিজের। হঠাৎই আয়োজন, কিন্তু বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেল দুই দল। ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত খেলার মধ্যেই ছিল। কিন্তু টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার ক্রিকেটাররা গত দুই মাসে ট্রেনিং ক্যাম্পে গা গরম করা ছাড়া আর কিছুই করেনি।
ভারতে এসে ভারতের মুখোমুখি হওয়া এমনিতেই কঠিন। সেই কঠিন কাজে লঙ্কানরা এসেছে সেরা দুই বোলার লাসিথ মালিঙ্গা ও রঙ্গনা হেরাথকে ছাড়াই। দলটির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও স্বীকার করেছেন সিরিজের প্রস্তুতিটা ভালো হয়নি। ম্যাথুসের সঙ্গে অবশ্য আজ টস করতে নামবেন বিরাট কোহলি। প্রথম তিন ম্যাচে নিয়মিত অধিনায়ক ধোনিকে বিশ্রাম দিয়েছে ভারত।
২০১১ বিশ্বকাপের ফাইনালের পর ভারতের মাটিতে শ্রীলঙ্কার এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকইনফো।