ভারতের রানের পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলি-রাহানের অবিচ্ছিন্ন ১৩৩ রানের জুটিই রানে চাপা দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। মাথায় হাত দিয়ে চিন্তিত তাহির যেন প্রোটিয়াদেরই প্রতীকী l ছবি: বিসিসিআইর সৌজন্যে
কোহলি-রাহানের অবিচ্ছিন্ন ১৩৩ রানের জুটিই রানে চাপা দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। মাথায় হাত দিয়ে চিন্তিত তাহির যেন প্রোটিয়াদেরই প্রতীকী l ছবি: বিসিসিআইর সৌজন্যে

২১৩ রানে এগিয়ে থাকার পরও যখন বিরাট কোহলি ফলোঅন করালেন না দক্ষিণ আফ্রিকাকে, বোঝা যাচ্ছিল প্রোটিয়াদের রান পাহাড়ে চাপা দিতে চাইছেন ভারত অধিনায়ক। ফিরোজ শাহ কোটলায় তৃতীয় দিন শেষে সেটি নিয়ে আর কোনো সন্দেহ নেই। ২১৩ রানের সঙ্গে আরও ১৯০ যোগ হয়েছে ৪ উইকেটের বিনিময়ে। যে সিরিজে দক্ষিণ আফ্রিকা এখনো একবারও আড়াই শ-ই করতে পারেনি, সেখানে ৪০৩ রানের লিড পাহাড়সমান তো বটেই!
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের যে অবস্থা দেখা গেছে তাতে অশ্বিন-জাদেজাদের জন্য এই রানই যথেষ্ট হওয়ার কথা। কিন্তু ভারত এখনো ইনিংস ঘোষণা করেনি। অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত আছেন সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে, সেটা না পেয়ে মনে হয় না ইনিংস ঘোষণা করবেন। মাত্রই হাফ সেঞ্চুরি পেরিয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান অজিঙ্কা রাহানে। কে জানে তাঁর সেঞ্চুরির জন্যও অধিনায়ক অপেক্ষা করেন কি না! আলোকস্বল্পতার জন্য ৯ ওভার আগেই দিনের খেলা বন্ধ হয়ে যাওয়ার পর স্টার স্পোর্টসের ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে এসে সুনীল গাভাস্কারও আভাস দিলেন, ভারত চতুর্থ দিন অন্তত একটা সেশন ব্যাট করবে। সেটি হলে দক্ষিণ আফ্রিকা শুধু পাহাড় নয়, রীতিমতো হিমালয়ের নিচেই চাপা পড়বে!
আলোকস্বল্পতার জন্য দ্বিতীয় দিনের শেষেও ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত। তবে কাল বড় লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খায় কোহলির দল। মরনে মরকেলের আগুনে পেসের সামনে ৭ ওভারের মধ্যেই ড্রেসিংরুমে ফেরেন মুরালি বিজয় আর রোহিত শর্মা। লাঞ্চের আগে আর উইকেট যায়নি। কিন্তু লাঞ্চের পরই আবার মরকেলের আঘাত, এবার তাঁর শিকার শিখর ধাওয়ান। এর ৩ ওভার পরে ইমরান তাহিরের ঘূর্ণিতে চেতেশ্বর পূজারাও ফিরে গেলে ৪ উইকেটে ৫৭ হয়ে যায় ভারত। দিনের ৩২তম ওভারের খেলা চলছিল তখন। তবে দক্ষিণ আফ্রিকান বোলারদের দাপটও সেখানেই শেষ।
বাকি সময়টায় ব্যাট হাতে শাসন করেছেন কোহলি আর রাহানে। চার টেস্টের এই সিরিজে এর আগে ১১৫টি জুটি হয়েছে, কোনোটিতেই শতরান ওঠেনি। কোহলি-রাহানে জুটি শুধু সেই খরাই ঘোচালেন না, দিন শেষে ১৩৩ রান করে তাঁরা অবিচ্ছিন্ন। দুজনের কেউই রান তোলার জন্য তাড়াহুড়ো করেননি, অনর্থক ঝুঁকি নেননি। বিশেষ করে রাহানে তো ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। প্রথম ৪২ বলে মাত্র ৯ রান করেছিলেন, পরে একটু হাত খুলেছেন। এই ধৈর্যের ফলও অবশ্য পাচ্ছেন রাহানে। সিরিজে এই টেস্টের আগে চারটি ইনিংসে তাঁর রান ছিল ১৫, ২, ১৩, ৯। সেই রাহানেই সিরিজটা শেষ করছেন একই ম্যাচে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি দিয়ে। হাফ সেঞ্চুরিটা অবশ্য আজ আরেকটি সেঞ্চুরিতেও বদলে যেতে পারে! ক্রিকইনফো, স্টার স্পোর্টস।