ভারতের লক্ষ্যমাত্রা ৩৮৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখর ধাওয়ানকে আউট করে হ্যারিসের উল্লাস ছবি: ক্রিকইনফো
শিখর ধাওয়ানকে আউট করে হ্যারিসের উল্লাস ছবি: ক্রিকইনফো

চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ৩২৬ রানে। এই লক্ষ্যেই ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানানো হবে কি না, এ নিয়ে দোটানা কিন্তু ছিলই। অ্যাডিলেড টেস্টের অভিজ্ঞতা আর ভারতীয় ব্যাটিং বিবেচনায় লক্ষ্যমাত্রাটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার পক্ষেই শেষ পর্যন্ত থাকলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ৩২৬ থেকে বাড়িয়ে লক্ষ্যমাত্র ৩৮৪ করে তবেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করলেন তিনি।
চতুর্থ দিন শেষে ৬২ রানে অপরাজিত ছিলেন শন মার্শ। অস্ট্রেলিয়ার মাটিতে গত নয়টি ইনিংসে এই প্রথম পঞ্চাশের মুখ দেখা মার্শ আজ পঞ্চম দিনে সুযোগ পেয়েছিলেন সেঞ্চুরিরও। কিন্তু ৯৯ রানে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়ে ইতি ঘটে তাঁর ইনিংসের। তবে ব্যক্তিগত অর্জনটা না হলেও দলের প্রয়োজনে কিন্তু তাঁর ব্যাট দারুণ সুরেই গলা মিলিয়েছে। প্রয়োজনীয় কিছু রান এসেছে রায়ান হ্যারিসের ব্যাট থেকেও। তাঁর ২১ রান ভারতের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিতে অবদান রেখেছে দারুণভাবেই।
৩৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। মাত্র ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে কাঁপছিল ভারতীয় ব্যাটিং। কিন্তু প্রথম ইনিংসের রেকর্ড জুটির বিরাট কোহলি আর অজিঙ্ক রাহানে আবারও হাল ধরেছেন দলের। চা-বিরতির আগ পর্যন্ত কোহলি ৫৪ আর রাহানে ৩৩ রানে অপরাজিত ছিলেন। এই সময় অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট তুলে নেন মিচেল জনসন, রায়ান হ্যারিস ও জশ হ্যাজেলউড। মুরলি বিজয়কে এলবির ফাঁদে ফেলেছেন হ্যাজেলউড (১১)। শিখর ধাওয়ানও এলবির ফাঁদে পড়েছেন ব্যক্তিগত খাতায় কোনো রান না তুলেই (হ্যারিসের বলে)। লোকেশ রাহুলকে ওয়াটসনের সহায়তায় ফিরিয়েছেন জনসন।
এদিকে চা-বিরতির পর প্রথম বলেই সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি। হ্যারিসের বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে জো বার্নসের হাতে ধরা পড়েন কোহলি। সূত্র: স্টার স্পোর্টস