ভারতের সঙ্গে খেলা মানসিক শক্তির পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সঙ্গে বেশি বেশি ম্যাচ খেলার পক্ষে ইনজামাম। ফাইল ছবি
ভারতের সঙ্গে বেশি বেশি ম্যাচ খেলার পক্ষে ইনজামাম। ফাইল ছবি

শ্বাসরুদ্ধকর সব মুহূর্ত, সবুজ মাঠে আগুন গরম উত্তাপ, কান পাতলেই রণ দুন্দুভির বাজনা! কাশ্মীর কিংবা ওয়াঘা সীমান্তের উত্তেজনা যেন এসে পড়ে ২২ গজে! ভারত-পাকিস্তানের লড়াই মানেই স্নায়ুর বড় পরীক্ষা। সে পরীক্ষায় বহুবার উত্তীর্ণ হয়েছেন ইনজামাম-উল হক। কিন্তু দুই দলের লড়াই এখন দেখা মেলে কালেভদ্রে। ইনজামাম মনে করেন, মানসিক শক্তির পরীক্ষা দিতে ভারতের সঙ্গে পাকিস্তানের নিয়মিত খেলা দরকার।
১২০ টেস্ট খেলা ইনজামাম ভারতের বিপক্ষে খেলেছেন ১০ টেস্ট। জিতেছেন ৩ ম্যাচে, হার ৪, ড্র ৩টিতে। টেস্টের তুলনায় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ইনজির সাফল্য বেশি। ৬৭ ম্যাচে ৪০টিতে জয় আর পরাজয় ২৬ ম্যাচে। উত্তেজনার ঘাম ছোটানো বহু ম্যাচ পকেটে পুরে ফিরেছেন। ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে তীব্র চাপের মধ্যে কীভাবে দলকে জেতাতে হয়, ভালোই জানা ইনজির। সাবেক পাকিস্তান অধিনায়ক বললেন, ‘আগে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে আমাদের ভুগতে হতো। তবে অনেক শিখতেও পারতাম। চাপের মুখে কীভাবে খেলতে হয়, সেটা জানতে পারতাম। চাপের মুখে কীভাবে দারুণ খেলতে হয়, আমাদের খেলোয়াড়দের এটি শিখতে ভারতের বিপক্ষে নিয়মিত খেলার কোনো বিকল্প দেখি না।’
যদিও নিকট ভবিষ্যতে ভারতের পাকিস্তান সফরের কোনো সম্ভাবনা নেই। নিরপেক্ষ ভেন্যুতেও দুই দলের কোনো ম্যাচ হবে কিনা, অনিশ্চিত। ভরসা একমাত্র আইসিসি কিংবা এশিয়া কাপের মতো টুর্নামেন্টগুলো। তবে ভেন্যু যেখানেই হোক, ভারতের সঙ্গে নিয়মিত খেলার পক্ষে ইনজি, ‘কোথায় খেলাটা হচ্ছে, ব্যাপার নয়। আমাদের উচিত ভারতের বিপক্ষে নিয়মিত খেলা। বড় দেশগুলোতে আমরা নিয়মিত সফর করতে পারছি না বলে আন্তর্জাতিক ক্রিকেটে পিছিয়ে পড়েছি। পিসিবির উচিত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা ক্রিকেটের শীর্ষ দেশগুলোয় সফরের আয়োজন করা।’
ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর আট হলো। তবে খেলোয়াড়ি জীবনের একটি আক্ষেপ আজও তাড়িয়ে বেড়ায় ইনজিকে। টেস্টে পারেননি ১০ হাজার রান করতে। ৮৮২৯ রানে থেমেছেন পাকিস্তানি কিংবদন্তি ব্যাটসম্যান। তা-ই নয়, বহু প্রতিভাবান ব্যাটসম্যান পেলেও পাকিস্তানের কেউ আজও ছুঁতে পারেননি টেস্টে ১০ হাজার রানের মাইলফলক। ৮৮১৪ রান করা ইউনিস খানের সামনে এ মাইলফলক ছোঁয়ার হাতছানি। ইনজামামের প্রত্যাশা, এ আক্ষেপটা অন্তত দূর করবেন ইউনিস, ‘টেস্ট ক্রিকেটে যখন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাটা দেখি, একটা আফসোস কাজ করে মনে। কোনো পাকিস্তানি ১০ হাজার রান করতে পারেনি। না আমি পেরেছি, না পেরেছে মোহাম্মদ ইউসুফ (৭৫৩০ রান)। যদি ইউনিস ১০ হাজার রান করতে পারে, খুবই খুশি হব।’ তথ্যসূত্র: ডিএনএ।