ভারতের সামনে দাঁড়াতেই পারল না নেপাল

নেপাল দুর্বল বলেই কিনা মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত অল্পসংখ্যক দর্শক গলা ফাটিয়ে উৎসাহ দিয়ে গেলেন তাদের। মিরপুরের গ্যালারিতে জাতীয় পতাকা হাতে উপস্থিত নেপালি নাগরিকেরাও সারাক্ষণ চিৎকার করে গেলেন নিজ দেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলটির জন্য।
নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা নেপালি দল ভারতের বিপক্ষে আরও একটি অঘটনেরই স্বপ্ন দেখছিল। কিন্তু মাঠের লড়াইয়ে দুই দলের শক্তির ফারাকটা রাহুল দ্রাবিড়ের শিষ্যরা যেন দেখিয়ে দিল চোখে আঙুল দিয়েই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে এই গ্রুপের শীর্ষে থেকেই প্রতিযোগিতার শেষ আটে খেলা নিশ্চিত করেছে ভারত। হারলেও আগের দুই ম্যাচে জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে থেকে নেপালও চলে গেল কোয়ার্টার ফাইনালে।
সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ৪৮ ওভারে নামিয়ে নিয়ে আসা ম্যাচে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠাতে এতটুকু সময় নেয়নি ভারতীয় যুবারা। পেসার আবেশ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই সমস্যার মুখোমুখি হয় নেপাল। ৫ রানে প্রথম উইকেট হারানো নেপাল চতুর্থ উইকেট হারায় ৬৫ রানে।
দলের উদ্বোধনী ব্যাটসম্যান সন্দ্বীপ সুনার অবশ্য এক দিক আঁকড়ে ধরে চেষ্টা চালিয়েছিলেন। ৩৭ রানে আউট হন তিনি। সুনারের পাশাপাশি রাজবীর সিং ও প্রেম তামাং ছাড়া নেপালি ইনিংসে বলার মতো কোনো সংগ্রহই নেই। রাজবীর ৩৫ আর প্রেম সাজঘরে ফেরেন ২৯ রানে অপরাজিত থেকে। এই ত্রয়ীর ব্যাটিংয়ে নেপালের সংগ্রহটা ১৬৯ হলেও ভারতকে চ্যালেঞ্জ জানানোর পর্যায়ে যে এই রানটা ছিল না, সেটা পরিষ্কার ভারতের ইনিংস শুরু হওয়ার পরপরই। আবেশ খানই ছিলেন ভারতের সেরা বোলার তিনি ৩৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া মৈনাক দাগার আর ওয়াশিংটন সুন্দর নিয়েছেন ২টি করে উইকেট।
ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান, অধিনায়ক ইশান কিষান আর রিশভ পান্ত মাত্র ৯ ওভারেই ১২৪ রানের জুটি গড়ে রান তাড়ার চ্যালেঞ্জকে পরিণত করেন ছেলেখেলায়। ম্যাচটাও ১৮.১ ওভারেই শেষ করে দিয়ে নিজেদের ফেবারিট তকমার প্রতি সুবিচার ভালোভাবেই করেছে ভারত।
রিশভ পান্তকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার না দিয়ে পারা যায়নি। ভারতের ওপেনার যুব ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন মাত্র ১৮ বলে ফিফটি করে। পান্ত পেছনে ফেলেছেন ২০০৯-১০ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ট্রেভন গ্রিফিথের ২৯ বলের ফিফটিকে। ২৪ বলে ৭৮ রান করা পান্তের ইনিংসে চার ৯টি, ছয় ৫টি।
অধিনায়ক ইশান কিষানের ৫২ রান এসেছে ৪০ বলে। ৯.১ ওভারে ১২৪ রান তুলে ভারতের উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হওয়ার পর ব্যর্থ হয়েছেন কেবল রিকি ভুই। ৭ রান করে ফেরেন তিনি। কিন্তু সরফরাজ খান (২১*) আর আরমান জাফর (১২*) মিলে বাকিটা পথ নিরাপদে হেঁটেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। নেপালের পক্ষে প্রেম তামাং ৪১ রানে নিয়েছেন ২ উইকেট, সন্দ্বীপ লামিচ্ছানে একটি উইকেট পেয়েছেন ৩৭ রানে।
আগামীকাল গ্রুপ ‘এ’ তে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচটা জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটের ম্যাচে নেপালকে প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ।