ভারতের সঙ্গে যেন হারার পণ করেছে নিউজিল্যান্ড

আবারও ‘চোক’ করেছে নিউজিল্যান্ড। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ রানে হেরেছে স্বাগতিক দল। পাঁচ সিরিজে ধবলধোলাই হলো কিউইরা
‘চোকার’ শব্দটা ক্রিকেটে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। বহুদিন পর সেটি হাতবদল হওয়ার সম্ভাবনা জেগেছে। ভারতের বিপক্ষে প্রতি ম্যাচেই যেভাবে চাপে ভেঙে পড়ছে দলটি, তাতে সিরিজ শেষে মনস্তত্ত্ববিদের কাছে যাওয়ার দরকার হতে পারে দলটির। টানা তৃতীয় ম্যাচে সুবিধাজনক অবস্থায় থেকেও অবিশ্বাস্যভাবে হেরে গেছে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের অসাধারণ নিয়ন্ত্রণ ও চাপের মুখে দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে নিউজিল্যান্ডের ‘চোক’ করে ৭ রানে হেরেছে স্বাগতিক দল। পাঁচ সিরিজে ধবলধোলাই হলো নিউজিল্যান্ড।
সিরিজের চতুর্থ ম্যাচে শেষ ২০ বলে ১৯ রান নিতে পারেনি নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত টাই করে হেরেছে সুপার ওভারে। আজ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে আরও অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে। ১৬৪ রানের লক্ষ্য পেয়ে ১১তম ওভারেই এক শ পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আগের ম্যাচে গুবলেট পাকানো টম সাইফার্ট ও রস টেলর আগের ম্যাচের ‘পাপমোচনে’র দায়ে ঝড় তুলেছিলেন আজ। ২৯ বলে ফিফটি করেছেন সাইফার্ট। ২৪ বলেই ৪১ রান করে ফেলেছিলেন টেলর।
শেষ ৯ ওভারে ৫৭ রান দরকার দলটির। তখন একটু রাশ টানলেন দুজন। দ্বাদশ ওভারে এল মাত্র ৬ রান। পরের ওভারেই পঞ্চাশ ছোঁয়ার আনন্দ মিলিয়ে দিয়ে বিদায় সাইফার্টের। সে ওভারে এল ৩ রান। পরের ওভারেও এল ৩ রান। যশপ্রীত বুমরার বলে ড্যারিল মিশেল বিদায় নিলেন দুই রানে। একটু আগেও বড় ব্যবধানের জয় দেখা নিউজিল্যান্ড হঠাৎ করেই বিপাকে পড়ে গেল। পরের ওভারেও এল ৩ রান। ৪ ওভারে মাত্র ১৫ রান তুলে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গেল নিউজিল্যান্ড।
এক প্রান্তে শুধু টেলরই দাঁড়িয়ে রইলেন। আর দেখলেন পরের দুই ওভারে কীভাবে ১১ রান তুলতেই বিদায় নিলের তাঁর আরও দুই সতীর্থ। শেষ ৩ ওভারে ৩১ রান দরকার, হাতে ৩ উইকেট। ৪১ বলে পঞ্চাশ করা শেষ ভরসা টেলর স্ট্রাইকে। এত উত্তেজনা সহ্য হলো না টেলরের। নবদ্বীপ সাইনির প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দিলেন ১০০তম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা এই ব্যাটসম্যান (৫৩)।
নিউজিল্যান্ডকে ১৭ বলে ৩১ রান এনে দেওয়ার দায়িত্ব পেলেন ইশ সোধি ও টিম সাউদি। সাইনির ওভারের শেষ বলে একটা চারও মারলেন সাউদি। শেষ ১২ বলে দরকার ২৪ রান। বুমরার ওভারে তিন রানের বিনিময়ে সাউদিও গেলেন। ১২ রানে ৩ উইকেট পেয়েছেন বুমরা।
শেষ ওভারে ২১ দরকার ছিল, হাতে ১ উইকেট। চতুর্থ ম্যাচের নায়ক শার্দুল ঠাকুরের হাতে বল। প্রথম বলে কোনো এল না। দ্বিতীয় বলে ছক্কা, পরের বলে আবার ডট। ৩ বলে দরকার ১৫ রান। আবারও ছক্কা! ২ বলে দরকার ৯। কী হয় কী হয় উত্তেজনা! কিন্তু পরের বলের ডট সে উত্তেজনায় পানি ঢেলে দিয়েছে। শেষ বলে ১ রানই নিতে পেরেছেন আগের দুই ছক্কায় উত্তেজনার জন্ম দেওয়া সোধি।