ভারতের সাজঘরে 'নাটক'!

অপ্রয়োজনীয় এক নাটকীয়তায় আজ নাকি অস্থির হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট দলের সাজঘর। আর এই অনাকাঙ্ক্ষিত নাটকই যে ব্রিসবেন টেস্টে ভারতের অমার্জনীয় ব্যাটিং ব্যর্থতার কারণ, সেটা জানিয়েও দিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, চতুর্থ দিন শুরুর আগে ওই ঘটনাটা ছিল এক ধরনের ‘যোগাযোগহীনতা’। আর এমন ঘটনার প্রভাব দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ের ওপর পড়েছে বলে ইঙ্গিত আছে ধোনির কথায়।
ঘটনাটা শিখর ধাওয়ানের আঘাতকে কেন্দ্র করেই। চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে নেটে নক করতে গিয়ে কনুইয়ে ব্যথা পান আগের রাতের অপরাজিত ব্যাটসম্যান ধাওয়ান। প্রথমে বোঝা না গেলেও পরে দেখা যায় আঘাতটা গুরুতরই। দিনের খেলা শুরুর একদম আগমুহূর্তে ধাওয়ান জানান, এখনই ব্যাট করতে নামতে পারবেন না। ফলে ধাওয়ানের বদলি হিসেবে ব্যাটিংয়ে যাওয়ার নির্দেশনা পান বিরাট কোহলি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানানো হয়েছে বলে কোহলি মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না। সময় পেয়েছেন মাত্র কয়েক মিনিট। তাড়াহুড়ো করে মাঠে নামার ফলে কোহলির মনোযোগে ব্যাঘাত ঘটার কথাও উল্লেখ করেছেন ধোনি।
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘প্রথম সেশনটা আমাদের জন্য ছিল একটা বড় বিপর্যয়। শিখর ব্যাটিংয়ে নামবে নাকি বিরাট, এ নিয়ে ড্রেসিংরুমে একটা যোগাযোগের অভাব দেখা দিয়েছিল। পরিস্থিতিটা আমরা ভালোভাবে সামলাতে পারিনি। নেটে ব্যাটিং করার সময় শিখর আঘাত পেয়েছিল। কিন্তু তখন ওকে দেখে মনে হয়নি আঘাতটা গুরুতর, বরং মনে হয়েছিল ও ব্যাট করতে পারবে। কিন্তু যখন সময় এল মাঠে নামার, সে সময় ওর ব্যথা এতটাই তীব্র ছিল যে, ব্যাট করা সম্ভব ছিল না। বিরাটকে মাত্র ৫-৭ মিনিট সময় দিতে পেরেছি প্রস্তুত হওয়ার। এটা ড্রেসিংরুমে একটা অস্থিরতা তৈরি করেছিল।’ সূত্র: পিটিআই।