ভারতের সামনে আবার স্মিথ-দেয়াল

ফেব্রুয়ারিতে পোর্ট এলিজাবেথ টেস্টে ৪৯ রানের ইনিংসটা নিশ্চয় আক্ষেপ তৈরি করবে স্টিভেন স্মিথকে। ওই টেস্টটা বাদে এ বছর খেলার বাকি আট টেস্টেই অন্তত ফিফটি না করে ফেরেননি স্মিথ। আজও যথারীতি দাঁড়িয়ে গেলেন। স্মিথের পাশাপাশি ক্রিস রজার্স ও শেন ওয়াটসনের অর্ধশতকে মেলবোর্ন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান।
এমসিজিতে উৎসবের আবহে শুরু হওয়া প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে বক্সিং ডে টেস্টের দিনটা দারুণভাবেই শুরু করেছিল ভারত। উমেশ যাদবের বলে ইনিংসের দ্বিতীয় ওভারে থার্ড স্লিপে দাঁড়ানো শিখর ধাওয়ানের দারুণ এক ক্যাচের শিকার হয়ে ‘ডাক’ মেরে ফেরেন ডেভিড ওয়ার্নার। এরপর রজার্স-ওয়াটসনের দ্বিতীয় উইকেট জুটিতে ১১৫ রান তোলার পর আরেকটা ধাক্কা স্বাগতিকদের। লাঞ্চের কিছুক্ষণ পরই ১ উইকেটে ১১৫ থেকে ৩ উইকেটে ১১৫! রজার্স-ওয়াটসন ফিরলেন পরপর দুই ওভারে। শন মার্শকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৬৯ রান তুলে এ ধাক্কা সামাল দেন অধিনায়ক স্মিথ। প্রথম সেশনে অস্ট্রেলিয়া তোলে ১ উইকেটে ৯২ রান, দ্বিতীয় সেশনে ২ উইকেট খুইয়ে ৮২ আর শেষ সেশনে ২ উইকেটে ৮৫।
দিনের শুরুতেই দারুণ এক ক্যাচ নিয়ে প্রশংসায় ভেসেছিলেন ধাওয়ান। সেই ধাওয়ানই মধ্যাহ্নভোজের খানিক আগে ওয়াটসনের ক্যাচ ছাড়লেন। এ ডানহাতির রান তখন ৩৭। ক্যারিয়ারের ২৩তম ফিফটি করলেও ইনিংসটা খুব বেশি দীর্ঘায়িত করতে পারেননি ওয়াটসন। রবীচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লু হওয়ার আগে সংগ্রহ ৫২ রান। এর আগে মোহাম্মদ সামির বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে রজার্স ফিরেছেন ৫৭ রানে।
দিনের বাকিটা স্মিথময়। ধারাবাহিকতা কাকে বলে—২৫ বছর বয়সী এ ডানহাতির চেয়ে ভালো কে বুঝবে! এ বছরে খেলা নয় টেস্টেই ধারাবাহিক পারফরম্যান্স। পরিস্থিতির দাবি মেনে খেললেন ধীরস্থির, নিখুঁত এক ইনিংস। সিরিজের আগের দুই টেস্টে তাঁর স্ট্রাইকরেট যেখানে ৭০-এর ওপরে। আজ সেখানে ৪৫.৫৬। দিন শেষে অপরাজিত ৭২ রানে। ব্র্যাড হাডিনের সঙ্গে গড়া অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে তুললেন ৪৩ রান। হাডিন অপরাজিত আছেন ২৩ রানে।
৬৫তম ওভারে সামির সঙ্গে স্মিথের হালকা ‘বাতচিত’ বাদে প্রথম দিনে খুব একটা কথার লড়াই হয়নি দুই দলের খেলোয়াড়দের! ভারতীয় বোলাররা যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করেছেন। গত দুই টেস্টের তুলনায় অস্ট্রেলিয়ার রান উঠেছে বেশ ধীরলয়ে, ওভারপ্রতি তিনের নিচে। ভারতের পক্ষে সামি ও যাদব নিয়েছেন দুটি করে উইকেট। বাকিটা অশ্বিনের সংগ্রহে। স্মিথ-কাঁটাটা নামাতে পারলে দিনটা ভারতের বললে ভুল হতো না!