ভারতের সামনে রানের পাহাড়

স্টিভেন স্মিথের প্রথম টেস্ট সেঞ্চুরি পেতে লেগেছিল ২৩ ইনিংস। পরের ২৪ ইনিংসে সেঞ্চুরি সাতটি। এর মধ্যে ভারতের বিপক্ষেই তিনটি। এ তিনটিই চলতি সিরিজে! অস্ট্রেলীয় অধিনায়কের ১৯২ রানের অনবদ্য ইনিংস ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৫৩০ রান তুলে অলআউট স্মিথের দল।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জবাব ভালোই দিচ্ছে ভারত। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১০৮ রান। এখনো পিছিয়ে ৪২২ রানে। মুরালি বিজয়-শিখর ধাওয়ানের উদ্বোধনী জুটিতে আসে ৫৫ রান। রায়ান হ্যারিসের শর্ট বল ব্যাটের কানায় চুমু খেয়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো স্মিথের হাতে ধরা পড়ার আগে ধাওয়ানের সংগ্রহ ২৮ রান। বিজয় অপরাজিত আছেন ৫৫ আর চেতেশ্বর পূজারা ২৫ রানে। দুজনের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে এসেছে ৫৩ রান। জশ হ্যাজলউডের বলে ১২ রানের মাথায় জীবন পেয়েছিলেন পূজারা। এক হাতে লুফে নিতে গিয়ে ক্যাচ হাতছাড়া করেন উইকেটরক্ষক হাডিন।
মেলবোর্নেও অনেকটা ব্রিসবেনের পুনরাবৃত্তি। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারের দাপট। আগের দিনের ৫ উইকেটে ২৫৯ রানে খেলতে নেমে আজ অবশিষ্ট ৫ উইকেটে ৫২.৩ ওভারে ২৭১ রান তুলেছে অস্ট্রেলিয়া।
ব্র্যাড হাডিন-স্মিথের আগের দিনের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটি তুলল ১১০ রান। মোহাম্মদ সামির শিকার হওয়ার আগে হাডিনের সংগ্রহ ৫৫ রান। মিচেল জনসনের সঙ্গে স্মিথের সপ্তম উইকেট জুটিতে এল ৫০ রান। তবে অস্ট্রেলিয়ার ৫০০ পেরোনোর নেপথ্যে স্মিথ-হ্যারিসের অষ্টম উইকেট জুটিতে তোলা ১০৬ রান। রবীচন্দ্রন অশ্বিনের এলবিডব্লিউ হওয়ার আগে হ্যারিসের সংগ্রহ ৮৮ বলে ৭৪ রান। এরপর নাথান লায়নের সঙ্গে স্মিথের ৩৮ বলে ৪৮ রানের আরও একটি দারুণ জুটি। স্মিথ নিজেও খেললেন, লোয়ার অর্ডারদের খেলতে সহায়তা করলেন। উমেশ যাদবের বলে বোল্ড হওয়ার আগে করলেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৯২ রান। স্মিথ বাদে অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যান জোগান দিয়েছেন ১৫৪ রান, শেষ পাঁচজন ১৬৮ রান। ভারতকে অস্ট্রেলিয়া আবারও বোঝাল, তাদের ‘লেজে’ও বিষ!
প্রথম দিনে নিয়ন্ত্রিত বল করলেও দ্বিতীয় দিনে সে ছন্দ ধরে রাখতে পারেননি ভারতের বোলাররা। ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল সামি। এ ছাড়া অশ্বিন ও উমেশ নিয়েছেন ৩টি করে উইকেট। ধারাভাষ্যে থাকা সুনীল গাভাস্কার একবার রেগেই গেলেন! বললেন, ‘সিরিজের তৃতীয় টেস্ট চলছে, অথচ ভারত এখনো কিছু শিখতে পারল না!’ ইশান্তকে পুল করেছিলেন রায়ান হ্যারিস। বল উড়ে গেল ফাইন লেগে। ফিল্ডার মুরালি বিজয় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থেকে দৌড়ে এসে বাউন্ডারি বাঁচালেন। হয়তো ওপেনিংয়ে নামবেন বলে বিজয়কে কিছুটা ‘বিশ্রাম’-এর সুযোগ দেওয়া হয়েছিল। গাভাস্কার বেশ বিরক্তই হলেন। সকাল থেকেই চড়াও হয়েছে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। ফাইন লেগে যেখানে ফিল্ডার জরুরি, তখন বিজয়কে রাখা হয়েছে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে! ভারতের এমন অনেক ভুলের মাশুলে অস্ট্রেলিয়া গড়ল রানের পাহাড়।